নাভালনির শরীরে বিষক্রিয়ার আলামত নেই, দাবি চিকিৎসকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালেক্সেই নাভালনি
রয়টার্স

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির (৪৪) শরীরে বিষক্রিয়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাঁকে জার্মানিতে নেওয়া সম্ভব হচ্ছে না।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভালনিকে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে অচেতন অবস্থায় মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নাভালনির শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় নাভালনির শরীরে বিষক্রিয়ার আলামত পাওয়া যায়নি। তাদের ধারণা, শরীরে সুগারের পরিমাণ কম হওয়ায় তিনি দুর্বল হয়ে পড়েছেন। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা জার্মানি নিয়ে যাওয়ার উপযুক্ত নয়।
তবে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া চিকিৎসকদের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষ্য, জার্মানিতে নিয়ে যাওয়া ঠেকাতেই নাভালনির প্রকৃত শারীরিক অবস্থার বিষয়টি আড়াল করছেন চিকিৎসকেরা। ইউলিয়ার অভিযোগ, চিকিৎসকেরা তাঁর স্বামীর বিষক্রিয়ার বিষয়টিও আড়াল করতে চান।

নাভালনিকে উড়িয়ে নিতে আজ সকালেই জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স মস্কোতে পৌঁছায়। সেখানে দ্য সিনেমা ফর পিস ফাউন্ডেশনের সহায়তা তাঁর চিকিৎসা হওয়ার কথা ছিল। এই ফাউন্ডেশন গঠন করেছেন চলচ্চিত্র নির্মাতা জাকা বিজিলজ। এই ফাউন্ডেশন ২০১৮ সালে আরেক রাশিয়ান রাজনৈতিক নেতা ও পুতিনের সমালোচক পিয়োতর ভেরজিলভের চিকিৎসায় সহায়তা করে।


এর আগে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছিলেন, নাভালনি সাইবেরিয়া থেকে মস্কো আসছিলেন। ফ্লাইটে তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় মস্কোতে তাঁর বিমানের জরুরি অবতরণ করানো হয়। কিরা ইয়ারমিশ বলেন, সকাল থেকে তিনি শুধু চা খেয়েছিলেন। ওই চায়ের সঙ্গেই বিষ মেশানো হয়েছিল বলে তাঁদের ধারণা।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক। গত জুনে আরও দুই দফা ক্ষমতায় থাকার জন্য রাশিয়ার সংবিধান সংশোধন করেন পুতিন। তখন ওই ঘটনাকে ‘সংবিধান লঙ্ঘন’ উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছিলেন নাভালনি।
এর আগেও নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত বছর থেকে তিনি মারাত্মক অ্যালার্জিতে ভুগতে শুরু করেন। তখন চিকিৎসকেরা জানান, অপরিচিত কোনো রাসায়নিকের বিষক্রিয়ার প্রতিক্রিয়ার কারণে ওই অ্যালার্জি দেখা দেয়।