নামেও আসে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেক্সপিয়ার যা-ই বলুন, নামেও নিশ্চয়ই আসে যায়। এই যেমন নামের কারণেই শত ভোগান্তি পোহাতে হচ্ছে আল-কায়েদা শহরের বাসিন্দাদের। জঙ্গি সংশ্লিষ্টতা নেই, নেই অস্ত্রের ঝনঝনানি। তবু শুধু আল-কায়েদা নাম শুনলেই ভ্রু কুঁচকে যায় সবার। এ অবস্থা থেকে এখন পরিত্রাণ চায় এই শহরের বাসিন্দারা।এই আল-কায়েদা ইয়েমেনের একটি ছোট্ট শহরের নাম। পার্বত্য এই শহরে ৭০ হাজার মানুষের বসবাস। ইয়েমেনের রাজধানী সানা থেকে ২২০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-কায়েদা। এক সময় ইয়েমেনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছিল এ শহর। কয়েক দশক ধরে এ শহর হয়ে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে বিপুল পরিমাণে বাণিজ্য হতো। আমদানি-রপ্তানি শুল্ক বাবদ নগর কর্তৃপক্ষের আয়ও হতো প্রচুর। কিন্তু এখন আর সেই দিন নেই। বাণিজ্য কমে গেছে। কমে গেছে বিনিয়োগকারীদের আস্থা। মিয়ম্রাণ নগরে পরিণত হয়েছে আল-কায়েদা। দারিদ্র্য যাকে ঘিরে ধরেছে অক্টোপাসের মতো। আল-কায়েদা শহরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ আল-শাদ্দাদি যেমনটা বলছিলেন, ‘আল-কায়েদা শহরের সঙ্গে ওসামা বিন লাদেনের সন্ত্রাসী সংগঠনের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরও এই শহরের বাসিন্দাদের সন্দেহের চোখে দেখা হয়। লাদেনের সংগঠনের উত্থানের পর থেকে স্বস্তিতে নেই এখানকার বাসিন্দারা।’ আল-শাদ্দাদি বলেন, আল-কায়েদা শহরের অনেকেই ভাগ্যবান। বিদেশে পড়াশোনার জন্য তাঁরা বৃত্তি পর্যন্ত পেয়ে থাকেন। কিন্তু নিজের শহরের নামের কারণে তাঁদের পোহাতে হয় হাজারও ভোগান্তি। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য আল-কায়েদার এক বাসিন্দা গিয়েছিলেন আরবের একটি দেশে। কিন্তু দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে ফেরত পাঠিয়ে দিয়েছে দেশে। দোষ একটাই—তাঁর পাসপোর্টে লেখা ছিল আল-কায়েদা।’আল-শাদ্দাদির দাবি, আল-কায়েদা শহর হচ্ছে সম্পূর্ণ জঙ্গিমুক্ত। বলছিলেন, ‘এই শহরে অনেকেই আছেন, যাঁরা মদপান করেন, মাদক সেবন করেন—কিন্তু তাঁরা কোনোভাবেই লাদেনের অনুসারী নন।’ইয়েমেন সম্প্রতি আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দেশটির বিদেশি মিশন, পর্যটনকেন্দ্র ও তেল স্থাপনাগুলোতে বিভিন্ন সময় হামলা চালিয়েছে জঙ্গিরা। সহিংসপূর্ণ পূর্বাঞ্চলে জঙ্গিরা আবার সংগঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আল-কায়েদা শহরে জঙ্গিবাদ না থাকায় এবং সেখানকার ৯০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় মাদক পাচারকারী ও ব্যবসায়ীদের কাছে এটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ীরা দারিদ্র্যের সুযোগ নিয়ে এখানকার লোকজনকে অন্যায় পথে ব্যবহার করছে। ইয়েমেনে সম্প্রতি বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ধরা পড়েছেন। যাঁদের বেশির ভাগই আল-কায়েদার বাসিন্দা। আল-কায়েদা এখন মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হলেও কিছুদিন আগেও এটি ছিল একটা নিরাপদ শহর। চল্লিশোর্ধ্ব স্থানীয় বাসিন্দা আহমেদ আল-সাবরি বললেন, ‘২০ বছর আগেও আল-কায়েদার বাসিন্দারা ডাকাতি ও মাদক অপরাধীদের সম্পর্কে কিছু জানত না। কিন্তু এখন এখানে মানুষ হত্যা ও ডাকাতির জন্য বহু সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে।’ তিনি বলেন, ‘আল-কায়েদা শহরের এমন কোনো পরিবার নেই, যাদের কেউ না কেউ মাসে একবার হাসপাতালে যায় না। মাসে একবার বিলাপ করে না প্রিয় স্বজনের জন্য।’আল-কায়েদা শহরের এতসব অন্ধকারের মধ্যেও আলো ছড়াচ্ছেন বিদেশি সাংবাদিকেরা। প্রায়ই এই শহরে আগমন ঘটে তাঁদের। তবে পাহাড়ঘেরা সৌন্দর্যের টানে নয়, শহরটির নামের কারণে। সূত্র: এএফপি।