নারী অধিকার ‘ঘোষণা’ নিয়ে মতৈক্যে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নারী অধিকারবিষয়ক কমিশনের ‘ঐতিহাসিক’ ঘোষণায় গত শুক্রবার মতৈক্যে পৌঁছেছে সদস্যদেশগুলো। ঘোষণায় বিশ্বব্যাপী নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। সহিংসতা রোধে ঘোষণায় একটি আচরণবিধিও তুলে ধরা হয়।এদিকে ওই মতৈক্যের আগে নারীর যৌন ও গর্ভধারণ-সংক্রান্ত অধিকার প্রশ্নে রক্ষণশীল মুসলিম দেশ ও ভ্যাটিকানের পক্ষ থেকে তীব্র আপত্তির কারণে বড় রকমের অনিশ্চয়তা দেখা দেয়।জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ওই ঘোষণায় আপত্তি জানানো দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, মিসর, সৌদি আরব, কাতার, লিবিয়া, নাইজেরিয়া ও সুদান। দেশগুলোর সঙ্গে রয়েছে ভ্যাটিকানও। তবে দেশগুলো ১৮ পৃষ্ঠার ঘোষণাটি আটকে দেয়নি।নারীর উন্নয়নে এই ঘোষণার রূপরেখা প্রণয়ন করা হয় ১৯৪৬ সালে। ঘোষণাটির ব্যাপারে মুসলিম, পশ্চিমা দেশসহ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এখন মতৈক্য প্রতিষ্ঠিত হলেও এটি মানা বাধ্যতামূলক নয়। তবে কূটনীতিক ও মানবাধিকারকর্মীরা বলছেন, নারী ও কন্যাশিশুদের জীবনমানের উন্নয়নে বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টির ক্ষেত্রে এটি যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম হবে।ঘোষণার বিষয়বস্তু নিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে দুই সপ্তাহ দর-কষাকষি চলার পর শুক্রবার এই ঘোষণা আলোর মুখ দেখে। এর আগে জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের বৈঠকে যোগ দিতে সারা বিশ্ব থেকে প্রায় ছয় হাজার বেসরকারি সংস্থার প্রতিনিধি নিউইয়র্কে সমবেত হন। জাতিসংঘ সদর দপ্তরে ওই দিন রাতে ঘোষণাটির ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠার কথা জানানো হলে প্রতিনিধিরা উল্লাসে ফেটে পড়েন।ঘোষণাটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট মিচেল ব্যাসেলেট বলেন, ‘নারীর উন্নয়নে বিশ্বব্যাপী মানুষ পদক্ষেপ আশা করছিল। আমরা তাদের ব্যর্থ হতে দিইনি। আমরা যা করার তা করে দেখিয়েছি।’ইন্টারন্যাশনাল উইমেনস হেলথ কোয়ালিশনের পরামর্শ ও নীতিবিষয়ক পরিচালক শ্যানন কোয়ালাস্কি বলেন, এই ঘোষণা নারী ও কন্যাশিশুদের জন্য একটি বিজয় হলেও, সমকামি নারী ও লিঙ্গ পরিবর্তনকারী মানুষ যেসব সহিংসতার শিকার হন, তার স্বীকৃতি এতে অধরাই রয়ে গেছে।মিসরের ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুড এই ঘোষণাকে ‘অনৈসলামিক’ উল্লেখ করে বলেছে, এটি ‘সমাজকে পুরোপুরি অবক্ষয়ের’ দিকে ঠেলে নিয়ে যাবে। ইতিপূর্বে নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে একটি ঘোষণার ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে ২০০৩ সালের সর্বশেষ প্রচেষ্টা ব্যর্থ হয়। রয়টার্স, এএফপি ও আল-জাজিরা।