নারী উত্যক্ত করে ক্ষমাপ্রার্থনা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন কি
জন কি

স্কুলমাঠেই মানায় এমন চপল আচরণের জন্য মাঝেমধ্যেই তিরস্কৃত হতে দেখা যায় রাজনীতিকদের। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যে বিতর্কে জড়ালেন, তা যেন অনেককেই ছাড়িয়ে গেল। আক্ষরিক অর্থেই এক নারীর চুল টেনে ঝামেলায় পড়েছেন প্রধানমন্ত্রী জন কি। খবর এএফপি ও বিবিসির।
অকল্যান্ড শহরের একটি ক্যাফের এক নারী কর্মীর অভিযোগ, তাঁর ঝুঁটি করে বাঁধা চুল ধরে টেনেছেন জন কি। তা-ও একবার নয়, অন্তত ছয়বার।
বিতর্কের প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, নিছক মজা করেই তিনি ওই পরিচারিকার চুল ধরে টান দিয়েছেন।
ওই পরিচারিকার নাম-পরিচয় জানা যায়নি। তিনি দেশটির বামপন্থী একটি ওয়েসবসাইটে নাম-পরিচয় গোপন রেখে ঘটনার বিবরণ দিয়েছেন। বলেছেন, কির আচরণে তিনি বারবার কেঁদেছেন। পরিচারিকা বলেছেন, বিষয়টা যে তাঁর পছন্দ নয়, তা সাফ জানিয়েও দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। তার পরও ক্ষান্ত হননি তিনি।
ওই পরিচারিকা লিখেছেন, ‘কির আচরণ ছিল স্কুলের আঙিনার সেই উত্ত্যক্ত করা ছাত্রদের মতো, যারা প্রতিক্রিয়া দেখার জন্য বালিকাদের চুল ধরে টান দেয়।’
পরিচারিকা জানান, গত মার্চের শেষে প্রধানমন্ত্রীর এমন বিচিত্র আচরণ থেকে রক্ষা পান। ওই সময়ে কি বলেন, আসলে তাঁর আচরণে তিনি (পরিচারিকা) যে এতটা বিচলিত হচ্ছিলেন, তা তিনি বুঝতে পারেননি।
তবে ক্ষমা চেয়েও বিতর্ক এড়াতে পারেননি প্রধানমন্ত্রী কি। এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তুলেছে। নারী অধিকারকর্মীরাও সমালোচনায় সরব হয়েছেন।