নারী এমপিদের সোনার আংটি উপহার দিলেন বেরলুসকোনি
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি সে দেশের ৩৭ জন নারী এমপির প্রত্যেককে একটি করে সোনার আংটি দিয়েছেন। বড়দিনের উপহার হিসেবে তাঁদের এসব আংটি দেওয়া হয়েছে। দ্য টেলিগ্রাফ পত্রিকা এ তথ্য জানায়।পত্রিকাটির খবরে বলা হয়, ৭৪ বছর বয়সী বেরলুসকোনি পার্লামেন্টের নিম্নকক্ষের ২৪ জন নারী এমপি ও উচ্চকক্ষের ১৩ নারী সিনেটরের প্রত্যেককে আংটি উপহার দেন। প্রতিটি আংটি সাদা, হলুদ ও গোলাপি রঙের সোনা দিয়ে তৈরি। এগুলোতে ছোট ছোট হীরক বসানো রয়েছে। এগুলো বানিয়েছে ইতালির বিখ্যাত অলংকার তৈরির প্রতিষ্ঠান রিকারলো। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কারলো রির কোনো মন্তব্য জানা যায়নি। তবে তাঁর কর্মচারী বলেছেন, ‘আংটিগুলো প্রধানমন্ত্রীর পছন্দের বিশেষ উপহার। এটি তাঁর নিতান্ত ব্যক্তিগত কেনাকাটা। তাই এ ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে পারি না।’ টাইমস অব ইন্ডিয়া অনলাইন।