নারী নিয়ে একটি সাহসী পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিনকে জোর করে ঘরে নিয়ে যেতে চাইছেন তাঁর স্বামী। ছবি: এএফপি
শিরিনকে জোর করে ঘরে নিয়ে যেতে চাইছেন তাঁর স্বামী। ছবি: এএফপি

রাস্তার ধারে এক ফেরিওয়ালার কাছ থেকে সবজি কিনছিলেন এক নারী, এ সময় তাঁর স্বামী এসে হাজির। জোর করে স্ত্রীকে ঘরে টেনে নিয়ে যেতে চান। কিন্তু তিনি ফিরে যেতে নারাজ, নিজের কাজে অটল রইলেন তিনি।

নারীর প্রতিবাদের এই দৃশ্যটি আফগানিস্তানের রাজধানী কাবুলের। রক্ষণশীল এই দেশে প্রথা ভেঙে নারীদের উঠে আসার গল্প নিয়ে আফগানিস্তানে তৈরি হয়েছে একটি মেগা টিভি সিরিয়াল। ‘শিরিনস ল’ নামে এই সিরিয়ালটি বছরের শেষ দিকে প্রচার হতে যাচ্ছে।

নাটকে শিরিন নামে এক প্রতিবাদী নারীর গল্প বলা হয়েছে। শিরিনের তিন সন্তান। মধ্য বয়সী এই নারী আফগানিস্তানের আদালতে কেরানি হিসেবে কাজ শুরু করেন। রক্ষণশীল মনোভাবের পুরুষ সহকর্মীদের সঙ্গে প্রতিকূল পরিবেশে কাজ করতে হয় শিরিনকে। তাঁর লড়াইয়ের গল্প নিয়েই তৈরি হয়েছে মেগা টিভি সিরিয়ালটি।

এ রকম এক নারী চরিত্র আফগান সমাজে বিরল। এর কারণ হলো আফগান সমাজ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেখতে চায় না। এই সমাজে নারী মানেই ঘরে বন্দী। রান্না ও সন্তান সামলানো তার একমাত্র কাজ। নারী কেবল প্রয়োজন মেটানোর বস্তু।

শিরিন চরিত্রে যিনি অভিনয় করছেন, তাঁর নাম লিনা আলম। তিনি এএফপিকে বলেন, নারীর মর্যাদা নিয়ে এ ধরনের নাটক এটিই প্রথম। এটি নারীর ক্ষমতায়নের গল্প। নারীর লড়াইয়ের গল্প।

লিনা আলম বলেন, এ রকম একটি নাটকে অভিনয় করা তাঁর জন্য বেশ বিপজ্জনক ছিল। যখন তাঁরা বাইরে শুটিং করতেন, তখন সব সময় ভয়ে ভয়ে থাকতেন। মনে ভয় হতো, এই বুঝি তাঁকে কেউ অ্যাসিড ছুড়ল। কেউ ছুরি নিয়ে হামলা করল।


ওই নাটকে অভিনয় করার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না বলে জানান লিনা আলম। শুটিংয়ের সময় হামলার আশঙ্কা ছিল। লিনা বলেন, শুটিং বিপজ্জনক মনে করে অনেকে অভিনয় করতে চাননি। নাটকে শিরিনের আইনজীবীর চরিত্রে অভিনয় করছিলেন তাঁরই এক বান্ধবী। কিন্তু স্বামীর অনিচ্ছা থাকায় তাঁকে অভিনয় করার সিদ্ধান্ত বদলাতে হয়।

‘শিরিনস ল’ নাটকের শুটিংয়ের সময়। ছবি: এএফপি
‘শিরিনস ল’ নাটকের শুটিংয়ের সময়। ছবি: এএফপি


তবে পিছপা হননি লিনা আলম। কারণ তিনি এটিকে কেবল নাটক হিসেবে দেখেননি। শিরিনও তাঁর কাছে কেবলমাত্র একটি চরিত্র নয়। লিনা চেয়েছেন, এই নাটকের মাধ্যমে আফগানিস্তানের ঘুমিয়ে পড়া নারীদের জাগাতে। এই নাটক দেখে যাতে নারীরা নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন হতে পারে।

একই কথা বললেন নাটকের পরিচালক ও লেখক ম্যাক্স ওয়াকার। অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তানে কাজ করতে এসেছেন তিনি। ওয়াকার বলেন, এই নাটকের মূল ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বেশ কয়েক বার পাণ্ডুলিপি বদলানো হয়েছে। অবশেষে অনেক বাধা পার হয়ে এটি আলোর মুখ দেখেছে। এটি অন এয়ারে যাচ্ছে। 

বিশেষজ্ঞরাও মনে করছেন নাটকটি আফগান সমাজে প্রভাব ফেলবে। কাবুলের পরামর্শক প্রতিষ্ঠান এটিআরের প্রধান ও প্রতিষ্ঠাতা ফ্রান্সের অ্যান জসিম ফালহার অনেক দিন ধরে আফগান সমাজ পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, আফগান সমাজে পরিবর্তন আনতে টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অ্যান জসিম ফালহার বলেন, টেলিভিশনে প্রচারিত হতে যাওয়া এই নাটক জোর করে নারীকে বিয়ে করা, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার ও সচেতন করে তুলতে ভূমিকা রাখবে।

১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের সময় আফগানিস্তানে টিভি নিষিদ্ধ করে দেওয়া হয়। এশিয়া ফাউন্ডেশন ডেভেলপমেন্ট অরগানাইজেশনের তথ্যমতে, এখন দেশটির ৫৮ শতাংশ বাড়িতে টিভি আছে। তুর্কি ও ভারতীয় সোপ অপেরার সঙ্গে প্রতিযোগিতায় আসবে শিরিন সোপ অপেরাটি। এটি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

টোলো নামের একটি টিভি চ্যানেলে মেগা সিরিয়ালটি প্রচারিত হতে যাচ্ছে। বিদেশি দাতাদের সহায়তায় চ্যানেলটি পরিচালিত হয়। এর মালিকানা মোবি গ্রুপের। এই চ্যানেলেই প্রথম নারী উপস্থাপকেরা কাজ শুরু করেন।

এখন আফগানিস্তানের ৫৮ শতাংশ বাড়িতে টিভি রয়েছে। ‘শিরিনস ল’ দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে। ছবি: এএফপি
এখন আফগানিস্তানের ৫৮ শতাংশ বাড়িতে টিভি রয়েছে। ‘শিরিনস ল’ দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে। ছবি: এএফপি



মোবির অনুষ্ঠান-বিষয়ক পরিচালক মাসুদ সানজের এএফপিকে জানান, কখনো কখনো আপনাকে নিয়ম ভাঙতে হবে। নারীদের সোচ্চার করে তুলতে আওয়াজ তুলতে হবে। তিনি বলেন, আফগানিস্তান এমন একটি দেশ, যেখানে জনগণকে সরাসরি যদি কোনো কিছু করতে বলা হয়, তাহলে তাঁরা তা করেন না। কিন্তু তাঁদের যদি কোনো কারণ দেখানো হয়, তা নিয়ে তাঁদের ভাবার সুযোগ করে দেওয়া হয়, তাহলে তাঁরা তা করতে বাধ্য হন।

মাসুদ সানজের মনে করেন, এই সিরিয়াল পুরুষদের ভাবতে বাধ্য করবে। তাঁরা বুঝতে পারবেন যে ক্ষমতাধর কেবল তাঁরাই নন, সমাজে নারীদেরও একটা বড় অবদান রয়েছে। এএফপি অবলম্বনে