নারী পুরুষের চেয়ে ৩৯ দিন বেশি কাজ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা পুরুষের চেয়ে বছরে গড়ে ৩৯ দিন বেশি কাজ করেন। এ ছাড়া দিনে পুরুষের চেয়ে গড়ে ৫০ মিনিট বেশি কাজ করেন নারীরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত বৈশ্বিক লিঙ্গ বিভাজন সূচক প্রতিবেদন ২০১৬-তে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নারী-পুরুষের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য আছে, তা দূর করতে ১৭০ বছর লেগে যেতে পারে।

বর্তমানে আর্থিক সুযোগ-সুবিধার দিক থেকে নারী-পুরুষের মধ্যে ব্যবধান ২০০৮ সাল থেকে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে ২৫ কোটি নারী বৈশ্বিক কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন। যদিও পারিশ্রমিকের বিনিময়ে পুরুষেরা নারীদের তুলনায় ৩৪ শতাংশ কাজ বেশি করেন। তবে যেসব কাজে পারিশ্রমিক নেই, যেমন সংসার সামলানো, বাচ্চা পালন, বয়স্ক ব্যক্তিদের দেখভাল—এসব কাজে নারীরা তাঁদের বেশির ভাগ সময় ব্যয় করেন। নারীদের কাজের এই সময়গুলো যোগ করলে দেখা যায়, বছরে গড়ে একজন নারী একজন পুরুষের চেয়ে ৩৯ দিন বেশি কাজ করেন।

বিশ্বের বেশির ভাগ দেশেই এই অসমতা লক্ষ করা যায়। নারী-পুরুষের কাজের ক্ষেত্রে এই অসমতা সবচেয়ে বেশি লক্ষ করা যায় ভারতে। ভারত, পর্তুগাল, এস্তোনিয়ার নারীরা পুরুষের চেয়ে বছরে ৫০ দিনের বেশি কাজ করেন। যুক্তরাজ্যে এই অসমতা ১২ দিন। নারীর চেয়ে পুরুষ কাজ করেন বেশি—এমন দেশ পাওয়া গেছে ছয়টি। এর মধ্যে তিনটি দেশে সন্তান জন্ম-পরবর্তী ছুটি (প্যারেন্টাল লিভ) নারী এবং পুরুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে প্যারেন্টাল লিভ ভাগাভাগি করে দেওয়ার বিষয়টি এখন জোরালোভাবে আসছে বিশ্বের বিভিন্ন দেশে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য বিশ্লেষক ভ্যাজেলিনা র‍্যাচেভা বলেন, ‘বাচ্চা পালনের ছুটি ভাগ হওয়ার বিষয়টি বেশ ভালো। এর মাধ্যমে পরিবারগুলো তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় কখন বাচ্চা নেওয়া ঠিক হবে, তা নির্ধারণ করতে পারেন এবং দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারেন।’

প্রতিবেদনে বলা হয়, প্যারেন্টাল লিভ বেশি দেওয়ার বেশ কিছু ইতিবাচক দিক আছে। যেসব দেশে এই ছুটি দুই বছরের বেশি দেওয়া হয়, সেসব দেশের নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন অর্থনীতিবিদেরা।