নারী পুলিশের অর্ধেকই যৌন নিগ্রহের শিকার
অস্ট্রেলিয়ার জাতীয় পুলিশ বাহিনীতে কর্মরত প্রায় অর্ধেক নারী সদস্য বলেছেন, কর্মক্ষেত্রে তাঁরা যৌন হয়রানির শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘কালচারাল চেঞ্জ: জেন্ডার ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ইন দ্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ’ শীর্ষক প্রতিবেদনটি গতকাল সোমবার প্রকাশিত হয়। প্রতিবেদনটির প্রধান লেখক লিঙ্গবৈষম্য-বিষয়ক কমিশনের সাবেক কমিশনার এলিজাবেথ ব্রডেরিক বলেন, ‘যৌন নিগ্রহ এবং অন্যান্য নিপীড়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’ প্রতিবেদনটির জন্য করা এক জরিপে পুলিশের নারী সদস্যদের ৪৬ এবং পুরুষ সদস্যদের ২০ শতাংশ তাঁদের ওপর গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার যৌন নিগ্রহের গড় হারের চেয়ে পুলিশের এ নিগ্রহের হার বেশি। সেখানে বলা হয়, পুলিশ সদস্যদের ৬২ শতাংশ পুরুষ এবং ৬৬ শতাংশ নারী কর্মক্ষেত্রে নানা ধরনের নিগ্রহের শিকার হয়েছেন।