নারী হতে চান ব্র্যাডলি ম্যানিং!

উইকিলিকসের কাছে গোপন নথি পাচার করার দায়ে দণ্ডিত মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিং বলেছেন, হরমোন থেরাপির মাধ্যমে তিনি একজন পূর্ণাঙ্গ নারী হতে চান। তাঁর নতুন নাম চেলসি ম্যানিং বলেও তিনি ঘোষণা দেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির কাছে পাঠানো একটি বিবৃতিতে ম্যানিং এই ঘোষণা দেন। আজ বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।
বিবৃতিতে ২৫ বছর বয়সী ম্যানিং বলেন, ‘আমি চেলসি ম্যানিং। আমি একজন নারী।’ তিনি বলেন, শৈশব থেকেই তিনি নিজেকে একজন নারী বলে মনে করে আসছেন এবং এখনই হরমোন থেরাপির মাধ্যমে নিজেকে পূর্ণাঙ্গ নারী হিসেবে দেখতে চান।
ম্যানিং বলেন, তিনি চান সবাই তাঁকে ‘ব্র্যাডলি ম্যানিং’ না ডেকে ‘চেলসি ম্যানিং’ নামে ডাকুক।
তথ্যপাচারসহ কয়েকটি অপরাধে মার্কিন সামরিক আদালতে সম্প্রতি ম্যানিংয়ের ৩৫ বছরের কারাদণ্ড হয়। ম্যানিংয়ের লৈঙ্গিক পরিচয় নির্ধারণের বিষয়টি বিচার কার্যক্রমে একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। এর আগে ম্যানিংকে যাঁরা থেরাপি দিয়েছিলেন, সেই সব চিকিত্সকসহ আসামিপক্ষের অন্য সাক্ষীরা সামরিক আদালতে বলেছেন, ম্যানিং নিজেকে নারীতে রূপান্তর করতে চান। ওই চিকিত্সকেরা আদালতে বলেন, লিঙ্গ পরিচয় নিয়ে দোটানায় পড়ার বিষয়টি ব্র্যাডলি ম্যানিংয়ের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।