নারীদের ক্ষোভের আগুন কাশ্মীরের রাজপথে
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজপথে সহিংস বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও গুলি ছোড়া নতুন কোনো ঘটনা নয়। সম্প্রতি গৃহবধূরাও এতে যোগ দিয়েছেন। মুসলিমপ্রধান এলাকা কাশ্মীরের নারীরা রাখঢাকের ভেতর থেকে অভ্যস্ত। রাজপথে চলাফেরায় তাঁরা বরাবরই নম্র। কিন্তু কাশ্মীরের স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলন থেকে ছড়ানো ক্ষোভ তাঁদের রাজপথে নিয়ে এসেছে। তিন সন্তানের মা ফেরদৌসি ফারুকের কথা ধরা যাক। সম্প্রতি কাশ্মীরের শহরতলিতে সরকারবিরোধী এক বিক্ষোভে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিল তাঁর চার বছরের ছোট ছেলে। এসব মিছিলে যোগ দেওয়া খুব বিপজ্জনক। যেকোনো মুহূর্তে পুলিশের গুলিতে ঝরে যেতে পারে প্রাণ। কিন্তু ছেলেহারা ফেরদৌসির কাছে এখন প্রাণের মায়া তুচ্ছ।গত জানুয়ারি মাসে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল ফেরদৌসির ১৪ বছর বয়সী ছেলের মাথায় লেগে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কিশোর ওয়ামিক মারা যায়। এ ব্যাপারে পুলিশের ভাষ্য, ওয়ামিক সরকারবিরোধী একটি বিক্ষোভে অংশ নিয়েছিল। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়।কিন্তু অন্য সূত্রের খবর হচ্ছে, ওয়ামিক ছিল তার ক্লাসের সেরা ছাত্র। সে কার্টুন দেখতে পছন্দ করত। চিকিৎসক হওয়া ছিল তার স্বপ্ন। কাজেই পুলিশের এ বক্তব্য খুব কম লোকই বিশ্বাস করেছে।সাংবাদিকদের ফেরদৌসি বলেন, ছেলে নিহত হওয়ার পর তিনি রাজপথে নেমে বিক্ষোভ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘কেন আমি প্রতিবাদ করব না? কেন আমি পাথর তুলে নেব না? শহীদ হয়ে যাওয়া ছেলের সম্মানে আমি এসব করছি। এসব করছি নিগ্রহ ও নিপীড়ন থেকে মুক্তি পেতে।’এমন ফেরদৌসিরা এখন বিক্ষোভ করছে কাশ্মীরের পথে পথে। কিশোরী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নানা বয়সী ও নানা শ্রেণীর নারী রয়েছে বিক্ষোভকারীদের মধ্যে। সশস্ত্র নিরাপত্তা বাহিনীর ডাণ্ডা ও গুলির ভয় না করে রাজপথে নেমে গলা ফাটিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তাঁরা। বৃষ্টির মতো পাথর ছুড়ছেন পুলিশের দিকে। এমনকি রাতেও গৃহবধূরা শিশুদের নিয়ে রাজপথে নেমে বিক্ষোভ করছেন। সাম্প্রতিক সহিংস ঘটনায় কাশ্মীরে ৫০ জনের বেশি লোক নিহত হয়। এর মধ্যে তিনজন নারী রয়েছেন।বিশ্লেষকেরা বলছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাই কাশ্মীরের নারীদের রাজপথে নামায়নি। দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভ থেকে তাঁরা রাজপথেনামেন।একটি মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, কাশ্মীরে দুই দশক ধরে চলতে থাকা সহিংসতা ও সংঘর্ষে ৩২ হাজার নারী স্বামী হারিয়েছেন এবং এতিম হয়েছে প্রায় এক লাখ শিশু। সংঘর্ষের সময় নিখোঁজ হয়েছে প্রায় ১০ হাজার লোক। বিবিসি।