নারীদের মল্লযুদ্ধের ধারাভাষ্যকার মনসুর ইজাজ!
স্বল্পবসনা নারীরা মল্লযুদ্ধে (রেসলিং) লড়ছেন। আর তার ধারাভাষ্য দিচ্ছেন মনসুর ইজাজ। শেষ পর্যায়ে লড়িয়েদের সম্পূর্ণ বিবস্ত্র হতেও দেখা যায়। পাকিস্তানি বংশোদ্ভূত এই আলোচিত মার্কিন ব্যবসায়ীর এই বিচিত্র অনুষ্ঠানের ধারাভাষ্য নিয়ে একটি ভিডিওচিত্র প্রচারিত হচ্ছে ইন্টারনেটে। ভিডিওটি মেমোগেট কেলেঙ্কারির অন্যতম কেন্দ্রীয় চরিত্র মনসুর ইজাজের ভাবমূর্তি ও তাঁর বক্তব্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। মার্কিন কর্মকর্তাদের কাছে লেখা প্রেসিডেন্ট জারদারির কথিত ‘গোপন চিঠির’ বিষয় তদন্তে গঠিত কমিশনের গুরুত্বপূর্ণ সাক্ষী মনসুর ইজাজ। এ মাসেই কমিশনে হাজির হয়ে তাঁর সাক্ষ্য দেওয়ার কথা। এ পরিস্থিতিতে এমন ভিডিওচিত্র প্রচারিত হওয়ার ঘটনা আলোড়ন তুলেছে। ইজাজের বিরোধী পক্ষ বলছে, কমিশনে সাক্ষ্য দেওয়ার প্রাক্কালে এই ভিডিওচিত্র প্রমাণ করছে, তাঁর বিশ্বাসযোগ্যতা কত কম। অন্যরা এই ভিডিওচিত্র দেখে বিস্ময় প্রকাশ করেছেন।ভিডিওটি ২০০৪ সালে নির্মিত। এটি বহু বছর ধরে ইন্টারনেটে রয়েছে। কিন্তু এত দিন নজরে না পড়ে এখন কেন পড়ল, তা পরিষ্কার নয়। দৃশ্যত ভিডিওটি মঙ্গলবার একজন ব্লগারের দৃষ্টি কাড়ে। পরে তা দ্রুত সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। মনসুর ইজাজ সাংবাদিকদের বলেন, এ ধরনের ভিডিওচিত্র প্রচারের পেছনে সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির হাত রয়েছে। এপি ও ডন।