নারীর আপন স্বর্গ

সংসার আর চাকরি দুটোই সামলাতে সামলাতে ওষ্ঠাগত হয়ে গিয়েছিল তাঁদের প্রাণ। স্বামী আর সন্তানের যত্ন নেওয়া, সংসারের দায়িত্ব পালনের পর কাজের ফাঁকে একটু স্বস্তির জন্য তাই তাঁরা বেছে নিয়েছেন নিজের জগত্। কেউ করেন বাগান, কেউ সেলাই, কেউ বা ছবি আঁকেন। ঘরের কোণে এক টুকরো জায়গায় নিজের মনের মতো করে সময় কাটিয়ে আনন্দ পান তাঁরা। এটাই তাঁদের স্বর্গ।

এমনই একজন হলেন ক্যারোলিন কাউনসেল। স্বামী ও দুই সন্তানের সঙ্গে যুক্তরাজ্যের রেডল শহরে থাকেন তিনি। তিনি একজন বিক্রয় সহকারী। চাকরি আর সংসারের নানা কাজের ব্যস্ততায় সময় কেটে যায় কাউনসেলের। তবে এর মধ্যেও নিজের জন্য আলাদা সময় বের করে নিয়েছেন তিনি। সেটি একেবারেই তাঁর নিজস্ব। কাউনসেল ছবি আঁকতে পছন্দ করেন। তাই তিনি ছবি এঁকে তৈরি করেন বিভিন্ন রিবন, কার্ড। বন্ধু ও পরিবারকে সেগুলো উপহার দেন। ঘরের এক কোণে একটি নিজস্ব জগত্ আছে কাউনসেলের। ৮ ফুট বাই ১০ ফুটের ওই জায়গাটি কাউনসেল সাজিয়েছেন বিভিন্ন রঙের কনটেইনার দিয়ে। সেখানে তার নিজস্ব একটি টেবিল, চেয়ার ও কমপিউটার রয়েছে। সেখানে আর কারও প্রবেশাধিকার নেই। এটি একান্তই তাঁর নিজের।
পুলিশ কর্মকর্তা মঞ্জিত সিধু তাঁর ১৬ বছরের মেয়েকে নিয়ে থাকেন সলিহাল শহরে। পেশাগত ও সংসারের কাজের চাপ থেকে নিজেকে ভুলিয়ে রাখেন ছোট একটি সেলাইয়ের জগতের মধ্যে। তিনি একটি সেলাই ক্লাবের সদস্য হয়েছেন। ঘরের এক কোণে বিভিন্ন রঙের অয়েল পেপার দিয়ে সেলাইয়ের জায়গা তৈরি করে নিয়েছেন। সেখানে বসেই সময় কেটে যায় তাঁর। এটি তাঁর নিঃশ্বাস নেওয়ার জায়গা। কখনো কখনো সেই নিজের কোণে তাঁর মেয়ে বসে পাশে।

নিউক্যাসল শহরে অবসরপ্রাপ্ত স্বামী জনের সঙ্গে থাকেন তাতিয়ানা হার্দিস্তি। তিনি একজন ইংরেজির শিক্ষক। তাতিয়ানা তাঁর অবসর কাটান নিজের মনের মতো করে তৈরি করা একটি ঘরে। ঘরের ছাদকে তিনি সাজিয়েছেন হলুদ, সবুজ ও বাদামি রঙের টাইলস দিয়ে। জানালা তৈরি করেছেন বিভিন্ন রঙের কাচ দিয়ে। সাজিয়েছেন নিজের তৈরি আসবাব দিয়ে। সেখানে বন্ধুদের আমন্ত্রণ জানান তিনি। তাঁদের আপ্যায়ন করেন চা বা কফি দিয়ে। ডেইলি মেইল।