'নারীর চালচলন এমন হওয়া উচিত নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পোশাক পরায় মেয়েদের আরও সতর্ক হওয়া উচিত। বাইরে চলাফেরার সময়ও সতর্কতার বিষয়টি মাথায় রাখা দরকার। তাঁদের চালচলন এমন হওয়া উচিত নয়, যা আশপাশে থাকা ধর্ষকামীর মনোযোগ কেড়ে নেয়।’
এই উক্তি করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের নারীবিষয়ক কমিশনের সদস্য আশা মিরগে। পরে অবশ্য তিনি এর জন্য দুঃখপ্রকাশ করেন।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, পেশায় স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার চিকিত্সক আশা মিরগে দুই দশক ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেত্রী।
এনসিপির ‘যুবতী সম্মেলনে’ সাম্প্রতিক সময়ে ভারতে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নিরাপত্তার ব্যাপারে করণীয় জানতে চেয়ে এক নারীর প্রশ্নের জবাবে আশা মিরগে এ মন্তব্য করেন।
নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মেডিকেলছাত্রী নিহত হওয়ার প্রসঙ্গ টেনে আশা মিরগে বলেন, ‘তিনি কেন ছেলেবন্ধুর সঙ্গে রাতে সিনেমা দেখতে গিয়েছিলেন? তিনি দিনের কোনো শোতে যেতে পারতেন।’ রাতে বের হওয়াটা যখন অনিরাপদ, তখন বাইরে গিয়ে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়ারও পরামর্শ দেন তিনি।
আশা মিরগের এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে পৃথক এক সংবাদ সম্মেলনে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, এগুলো তাঁর ব্যক্তিগত মতামত; নারীবিষয়ক কমিশনের বক্তব্য নয়।