সব কমনওয়েলথ রেল্ম ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী নির্ধারণের ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য বিলোপের বিলের পক্ষে একমত হয়েছে।যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ গতকাল মঙ্গলবার বলেছেন, তাঁদের সরকার এখন যত শিগগির সম্ভব সিংহাসনের উত্তরাধিকার বিল পার্লামেন্টে তুলবে।এ বিল পাস হলে ডিউক ও ডাচেস অব কেমব্রিজ উইলিয়াম ও তাঁর স্ত্রী কেটের প্রথম সন্তান ছেলে বা মেয়ে যা-ই হোক, রাজসিংহাসনের উত্তরাধিকারী হবে। মাত্র গত সোমবারই ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।গত বছরের অক্টোবরে কমনওয়েলথ সরকারপ্রধানেরা বিলটির ব্যাপারে একমত হন। তখন থেকে নিউজিল্যান্ড সরকার ১৬টি কমনওয়েলথ রেলেমর কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি সংগ্রহ করে আসছিল। যুক্তরাজ্যসহ যে ১৬টি সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ, তাঁরা প্রতিটি একেকটি কমনওয়েলথ রেল্ম হিসেবে পরিচিত।বিলটি পাস হলে সিংহাসনের উত্তরাধিকারী রোমান ক্যাথলিক সম্প্রদায়ের কাউকে বিয়ে করার নিষেধাজ্ঞাও থাকবে না। এক বিবৃতিতে নিক ক্লেগ এ ঘটনাকে যুক্তরাজ্য ও রাজসিংহাসনের জন্য ঐতিহাসিক ঘটনা আখ্যায়িত করেন। বিবিসি।