নারীর মূল্য গবাদিপশুর চেয়েও কম!
ভারতের হরিয়ানা রাজ্যের মেওয়াত জেলার বাসিন্দা রুবিনা। চল্লিশোর্ধ্ব এই নারী বিধবা হন তিন মাস আগে। ‘কোনো মূল্য নেই’ বলে তাঁকে বের করে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। ভিন রাজ্য থেকে আসায় স্থানীয় নারীদের মতো মর্যাদা বা ভালোবাসা থেকে বঞ্চিত তিনি।
হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে ভিন রাজ্যের নারীদের বিক্রি করে দেওয়ার রেওয়াজ বহুদিনের। এসব রাজ্যে নারী-পুরুষের অসম অনুপাত, সামন্ততান্ত্রিক ব্যবস্থা প্রভৃতি কারণে নারী পাচারের মতো অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে। আসাম, পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যের দারিদ্র্যপীড়িত বিভিন্ন অঞ্চল থেকে নারীদের পাচার করা হয় উত্তরের কয়েকটি রাজ্যে। তাঁদের বাধ্য করা হয় জোরপূর্বক বিয়ে থেকে শুরু করে কায়িক শ্রম এবং যৌনকর্মের মতো পেশায়।
গুলশান তাঁর বর্তমান স্ত্রীকে মাত্র তিন হাজার ৯০০ রুপিতে বিহার থেকে কিনে আনেন। বেসরকারি প্রতিষ্ঠান এমপাওয়ার পিপলের কর্মকর্তা শফিকুর রহমান বলেন, গুলশান তাঁকে জানান, ‘বিশ্বাসের ওপর এই বাণিজ্য। বিহারে আমি এমন একজনের সঙ্গে যোগাযোগ করেছি যে আমাকে বিশ্বাস করে মেয়েদের আমার সঙ্গে পাঠিয়ে দেয়। বয়স ও শারীরিক গঠন বিচারে ৫ থেকে ৩০ হাজার রুপি পর্যন্ত মেয়ে বিক্রি হয়।’
দৃষ্টি স্ত্রী অধ্যয়ন প্রবর্ধন কেন্দ্র নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) হরিয়ানার ১০ হাজার বাড়িতে জরিপ চালায়। এতে দেখা যায়, স্থানীয় অন্তত নয় হাজার বিবাহিত নারীকে ভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে মাত্র দুই ঘণ্টার সড়ক দূরত্বে মেওয়াত হচ্ছে হরিয়ানার মোট ২১টি জেলার একটি, যেখানে নারী-পুরুষের অনুপাত দেশটির মধ্যে সবচেয়ে বেশি ভারসাম্যহীন। প্রতি এক হাজার পুরুষের বিপরীতে ওই অঞ্চলে নারীর সংখ্যা মাত্র ৮৭৯ জন। এ কারণে রাজ্যের ৩০ শতাংশেরও বেশি পুরুষ (১৫ থেকে ৪৪ বছর বয়সী) অবিবাহিত। হিন্দুস্তান টাইমস।