উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃত ও মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কলকাতায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রায় কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলার শত শত নারী ও বিশিষ্টজনেরা যোগ দেন। তাঁরা নারীর সম-অধিকারের দাবি জানিয়েছেন।বেঙ্গল ফোরাম ফর মুসলিম উইমেন্স রাইট অ্যান্ড এমপাওয়ারমেন্টের উদ্যোগে কলকাতা কলেজপ্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। পদযাত্রা ও সমাবেশে অংশ নেওয়া লোকজনের হাতে নারীর সম-অধিকারের দাবি-সংবলিত বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার শোভা পায়।সমাবেশে বক্তারা মুসলিম নারীদের জন্য লিপিবদ্ধ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। এ ছাড়া তালাক দেওয়ার সম-অধিকার, আদালতের মাধ্যমে তালাক দেওয়ার আইন প্রণয়ন, উত্তরাধিকারীদের সম্পত্তিতে সম-অধিকার, দত্তক আইন প্রণয়ন এবং নির্যাতিতা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা ও বিধবা নরীদের জন্য স্বনির্ভর প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়েছে।এসব কর্মসূচিতে কবি শঙ্খ ঘোষ, সংগীতশিল্পী পল্লব কীর্তনিয়া, পিডিএস নেতা সৈফুদ্দিন চৌধুরী, সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মঞ্জুশ্রী ব্যানার্জি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলাউদ্দিন মণ্ডল, কলকাতার প্রেসিডেন্সি কলেজের খণ্ডকালীন শিক্ষক উত্তরা চক্রবর্তী, ফোরামের আহ্বায়ক অধ্যাপিকা আফরোজা খাতুন প্রমুখ যোগ দেন।সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মলয় সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের নারী আন্দোলনের নেত্রী ও গবেষক মালেকা বেগম। সমাবেশে মালেকা বেগম বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর নারীদের আর্থসামাজিক অবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।