নারীর স্বাস্থ্য উন্নয়ন লক্ষ্যমাত্রা ঝুঁকির মুখে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীস্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সারা বিশ্বের সরকারপ্রধানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নারীস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যমাত্রা ঝুঁকির মুখে পড়েছে।ওয়াশিংটনে গত সোমবার নারীস্বাস্থ্য-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘উইমেন ডেলিভার কনফারেন্স’-এ বান কি মুন এ কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী এখন পর্যন্ত নারী ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়ন কর্মসূচিতে অগ্রগতি আসেনি। ২০০০ সালে ১৮৯টি দেশ ২০১৫ সালের মধ্যে সন্তান প্রসবজনিত জটিলতায় নারী ও শিশুর মৃত্যুর হার ৭৫ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার করেছিল। কিন্তু মাত্র পাঁচ বছর বাকি থাকলেও সেই লক্ষ্য অর্জিত হয়নি।সম্মেলনে উন্নয়নশীল বিশ্বের অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা ও পুষ্টি কার্যক্রমে সহায়তার জন্য দেড় শ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের প্রধান বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস নারীস্বাস্থ্য-বিষয়ক এ সম্মেলনে যোগ দিয়ে এ ঘোষণা দিয়ে বলেছেন, নারী ও শিশুদের জীবন রক্ষায় সারা বিশ্বের মানুষকে একত্রে কাজ করতে হবে।বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস বলেন, দরিদ্র দেশগুলোতে বিপুলসংখ্যক অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের সন্তান মারা যায়। এই চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়েছে। প্রসূতি মা ও তাঁদের সন্তানদের রক্ষায় স্বল্প খরচের উদাহরণ দিয়ে তিনি বলেন, নবজাতকের জন্মের আগে অন্তঃসত্ত্বা নারীর সেবা দেওয়া গেলে উভয়ের মৃত্যু রোধ করা সম্ভব। একই সঙ্গে নবজাতকের সুস্থতার গুরুত্বের ব্যাপারে মায়েদেরও সচেতন করে তুলতে হবে।মেলিন্ডা গেটস বলেন, যেসব দেশ নারী ও শিশুস্বাস্থ্যের বিষয়ে অগ্রাধিকার দেয় এবং এর পেছনে অর্থ খরচ করে, সেসব দেশে অভূতপূর্ব ফল এসেছে। একটি গবেষণার বরাত দিয়ে তিনি বলেন, অন্তঃসত্ত্বাজনিত কারণে নারীদের মৃত্যুর হার গত ৩০ বছরে ৩৫ শতাংশের বেশি কমেছে। ১৯৮০ সালে বছরে মারা যেত পাঁচ লাখ নারী। ২০০৮ সালে তা দাঁড়িয়েছে তিন লাখ ৪৩ হাজারে। অপরদিকে শিশুমৃত্যুর হারও কমেছে। ১৯৯০ সালে এক কোটি ১৯ লাখ শিশু মারা গেছে। ২০১০ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লাখে।এবারের নারীস্বাস্থ্য-বিষয়ক সম্মেলনে তিন হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন। এএফপি ও বিবিসি।