নারীরাই ভালো বস!
কর্মক্ষেত্রে কে বেশি ভালো বস—নারী নাকি পুরুষ? এমন প্রশ্নের উত্তর যা–ই হোক না কেন, কর্মক্ষেত্রে নারী বসের সংখ্যা খুবই কম। কারও কারও ধারণা, বস হিসেবে নারীরা মোটেও ভালো নন। আর তাঁরা সফল হতে পারেন না। কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হতে চলেছে বলে দাবি করেছেন একদল গবেষক। তাঁরা বলছেন, পুরুষেরা নন—কর্মক্ষেত্রে বস হিসেবে নারীরাই ভালো।
ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা মেট্রোর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিআই নরওয়েজিয়ান স্কুলের লিডারশিপ অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়র বিভাগের প্রধান অধ্যাপক অয়ভিন্দ এল মার্টিনসেনের নেতৃত্বে একদল গবেষক এ গবেষণা করেন। গবেষণাটি করতে গিয়ে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের তিন হাজার ব্যবস্থাপক ও কর্মীর ওপর জরিপ করেন।
গবেষণায় পাওয়া ফলাফল উদ্ধৃত করে গবেষকেরা বলছেন, নারী বস কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতে কর্মীদের উৎসাহ দেন। এ ছাড়া কর্মীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রেও অনেকটা ছাড় দিয়ে কাজ আদায় করে নেন। এতে কর্মীদের কাছে নারী বস জনপ্রিয় হয়ে ওঠেন।
গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরাই বেশি জনপ্রিয়। কারণ, নারী বসরা কর্মীদের চাহিদা বোঝার চেষ্টা করেন, সুষ্ঠুভাবে কাজ আদায় করে নিতে অধস্তনদের সঙ্গেও তাঁরা সুসম্পর্ক বজায় রাখেন। এ ছাড়া কর্মীরা যাতে কাজ ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন, সেদিকে পুরুষদের চেয়ে নারী বসদের দৃষ্টি ইতিবাচক থাকে।
প্রতিবেদনে বলা হয়, যেসব কর্মীর ওপর এই জরিপ চালানো হয়েছে, তাঁদের অধিকাংশই মত দিয়েছেন, অফিসে নারী বস থাকলে কর্মীদের কাজের গতি বাড়ে এবং কাজও ভালো হয়। কারণ, নারী বসরা পুরুষ বসের চেয়ে কর্মীদের বেশি উৎসাহ দেন। কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়টিও নারী বস গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
গবেষণা আরও বলা হয়, অফিসে নারী বস থাকলে কর্মীরা সাধারণত বেশ কিছু প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেন। যেমন ‘অফিসে এমন একজন আছেন, যিনি উন্নতির ব্যাপারে উৎসাহ দেন’; ‘গত ছয় মাসে কাজের উন্নতির ব্যাপারে কেউ কথা বলেছেন’; ‘গত সাত দিনে ভালো কাজের স্বীকৃতি মিলেছে’।