নার্সিং হোমে প্রসূতি স্ত্রীর মৃত্যু, চিকিৎসককে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের মিরাট শহরের একটি নার্সিং হোমে সন্তান জন্ম দিতে গিয়ে প্রসূতি স্ত্রীর মৃত্যু হওয়ায় তাঁর স্বামী কর্তব্যরত এক নারী চিকিৎসককে গুলি করেছেন। তবে গুলিটি হাতে লাগায় প্রাণে বেঁচে গেছেন ওই চিকিৎসক।

আজ রোববার মিরাটের ফজলপুর সড়কের বহতা রোডের একটি নার্সিং হোমে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, মুরালিপুর গ্রামের বাবুদ্দিনের স্ত্রী গতকাল সকালে সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারান। এ ঘটনার পর ক্ষিপ্ত বাবুদ্দিন আজ ওই নার্সিং হোমে যান। তিনি একটি দেশি পিস্তল দিয়ে মুনেশ তোমার নামের ওই নারী চিকিৎসককে গুলি করেন। এ সময় নার্সিং হোমের কর্মীরা তাঁকে ঘিরে ফেলে ব্যাপক মারধর করেন।

গুলিবিদ্ধ নারী চিকিৎসককে ওই নার্সিং হোমে এবং আহত বাবুদ্দিনকে আলাদা একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি প্রাথমিক এজাহার দাখিল করা হয়েছে, তদন্ত চলছে।