নাশিদের সাজায় ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাশিদ
মোহাম্মদ নাশিদ

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন মালদ্বীপের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কারাদণ্ডের খবরে উদ্বেগ জানিয়েছে। খবর রয়টার্সের।
মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গত শুক্রবার দেশটির একটি আদালত ১৩ বছরের কারাদণ্ড দেন। ২০১২ সালে তখনকার ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে ক্ষমতার অপব্যবহার করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন নাশিদ। আদালত সর্বসম্মতিক্রমে তাঁকে ওই সাজার আদেশ দেন। অন্যতম বিচারক আবদুল্লা দিদি বলেন, তথ্য-প্রমাণে প্রমাণিত হয়েছে যে নাশিদই প্রধান বিচারককে গ্রেপ্তার বা অপহরণ করে গিরিফুশি দ্বীপে আটক রাখার নির্দেশ দিয়েছিলেন।
পাশের দেশ শ্রীলঙ্কার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, নাশিদের বিচারের ক্ষেত্রে দেশটির নিজস্ব আইন এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসরণ না করার খবরে তারা ‘বিশেষভাবে উদ্বিগ্ন’। এক বিবৃতিতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করাসহ গণতন্ত্রের প্রতিশ্রুতির প্রতি আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানাই মালদ্বীপ সরকারকে।’

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, নাশিদকে অভিযুক্ত করার বিষয়টি মালদ্বীপের আইন ব্যবস্থা নিয়ে ‘গুরুতর প্রশ্ন তুলেছে’।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন এক টুইটার বার্তায় বলেন, ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মালদ্বীপের ঘটনাপ্রবাহ নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিচারপ্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নাশিদকে সাজা দেওয়া হয়েছে।
বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন রাজনৈতিক কারণে নাশিদের বিচার করা হয়েছে—এ অভিযোগ অস্বীকার করেছেন।