নায়াগ্রায় ঝাঁপ দিয়েও জীবিত!
১৮ তলা উঁচু ভবন থেকে কেউ লাফ দিলে অবস্থা কী দাঁড়াবে? পরিণতি নিশ্চিত ভয়াবহ! কিন্তু গত সোমবার প্রায় একই উচ্চতা থেকে লাফিয়ে পড়েও দিব্যি বেঁচে আছেন এক ব্যক্তি। নায়াগ্রা জলপ্রপাতের কানাডীয় অংশ, যা হর্সশু ফলস নামে পরিচিত, সেখানে প্রায় ১৮০ ফুট (৫৫ মিটার) উঁচু থেকে লাফিয়ে পড়েন ওই ব্যক্তি। কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই নায়াগ্রা জলপ্রপাত থেকে লাফিয়ে পড়েও বেঁচে যাওয়ার তৃতীয় ঘটনা এটি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নায়াগ্রা পার্কস পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ওই ব্যক্তি জলপ্রপাতের কিনারা-ঘেঁষা প্রায় ৩০ মিটার উঁচু (নয় মিটার) একটি দেয়ালে আরোহণ করেন। পরে তিনি স্বেচ্ছায় নায়াগ্রার খরস্রোতা পানিতে ঝাঁপিয়ে পড়েন। পানিতে পড়ার পর তিনি জলপ্রপাতের নিচে বহমান নায়াগ্রা নদীতে ভেসে ওঠেন এবং একটি পর্যবেক্ষণ মঞ্চের কাছে গিয়ে পৌঁছান। পরে তিনি নিজের চেষ্টায় তীরের কাছে চলে যান। পরে তাঁকে সেখান থেকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। নায়াগ্রা জলপ্রপাতের দমকল বিভাগের প্রধান ডান ওরেসক্যানিন বলেন, ওই ব্যক্তির জ্ঞান ছিল এবং কথাও বলেছেন, তবে তা খুবই আস্তে। তিনি বুকে আঘাত পেয়েছেন। পাঁজর গেছে ভেঙে। ফুসফুসের অবস্থাও ভালো না। তাঁকে হেলিকপ্টারে করে হ্যামিল্টন জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের মুখপাত্র অ্যাগনিস বঙ্গার্স বলেন, লোকটির অবস্থা গুরুতর। তিনি মারাত্মক আহত হয়েছেন। তবে আশা করা হচ্ছে, বেঁচে যাবেন। কর্তৃপক্ষ ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে তাঁর বয়স ৩০ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। নায়াগ্রা পার্কস পুলিশের সার্জেন্ট ক্রিস গ্যালাফার বলেছেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভিডিও ফুটেজ দেখে মনে হয়েছে—এটি আত্মহত্যার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এর আগে ২০০৯ সালের মার্চে এক কানাডীয় যুবক কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই নায়াগ্রা জলপ্রপাতে লাফ দিয়েও বেঁচে গিয়েছিলেন। আর ২০০৩ সালে একইভাবে বেঁচে গিয়েছিলেন মিশিগানের কার্ক জোনস। এপি।