নিঃসরণ নিয়ে চীনের দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের দোহায় চলতি জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণের বিষয়ে চীন যে দাবি তুলেছে, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। সম্মেলনে চীনের দাবি, কার্বন নিঃসরণ কমানো এবং এর দায় নেওয়ার বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বিদ্যমান পার্থক্য ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।দোহায় বিশ্ব জলবায়ুসংক্রান্ত সম্মেলন শেষ সপ্তাহে গড়িয়েছে। ৭ ডিসেম্বর সম্মেলন শেষ হবে। সম্মেলনে অংশ নেওয়া ২০০ দেশের প্রায় সব কটি দেশই জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার কমানোর মাধ্যমে বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করার সংগ্রাম সম্প্রসারণের চেষ্টা করছে।তবে সম্মেলনে চীন দাবি করেছে, কার্বন নিঃসরণ কমানো এবং এর দায় নেওয়ার বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে পার্থক্য রয়েছে, তা অব্যাহত রাখতে হবে। দেশটির যুক্তি, প্রবৃদ্ধির উচ্চহার সত্ত্বেও তাদের জনসংখ্যার একটা বড় অংশ এখনো দরিদ্রসীমার নিচে বাস করে। কাবর্ন নিঃসরণ কমানোর সিদ্ধান্ত দেওয়া হলে তাতে দেশটির অর্থনীতি ঝুঁকিতে পড়বে।তবে সম্মেলনে যুক্তরাষ্ট্রের কূটনীতিক টড স্টার্ন চীনের ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ভবিষ্যৎ চুক্তিতে ধনী ও দরিদ্র দেশের মধ্যে এ রকম কোনো ভাগ রাখা হবে না। আগামী ২০১৫ সালে ওই চুক্তি হওয়ার কথা। সম্মেলনে দেওয়া প্রথম ভাষণে গত সোমবার তিনি বলেন, প্রকৃত অবস্থা বিবেচনায় এনেই ওই চুক্তি হতে হবে। হাফিংটন পোস্ট ও এবিসি নিউজ।