নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে গতকাল রোববার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত বুধবার শুরু হওয়া এই দাবানলে ইতিমধ্যে প্রায় ৩০০ বাড়ি পুড়ে ছাই বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়া ও প্রবল ঝোড়ো হাওয়ার কারণে দাবানলের ভয়াবহতা বেড়ে যাওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করে।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী সিডনির পশ্চিমের ব্লু মাউন্টেইনস অঞ্চল। ওই অঞ্চলের কোনো কোনো জায়গায় দাবানলের ভয়াবহতা এত বেশি যে তা এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। রাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ৪০ বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক দাবানল পরিস্থিতি দেখছেন তাঁরা।
সার্বিক পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যারি ও’ফারেল। তিনি বলেন, জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ৩০ দিন তারা প্রয়োজনে যেকোনো জায়গায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা নিচ্ছি। তবে ভালো পরিস্থিতি আশা করছি।’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দাবানলে এ পর্যন্ত একজনের প্রাণহানি ঘটেছে। তবে আগুনে পুড়ে নয়, নিজের বাড়ি পুড়ে যাওয়া দেখে হূদেরাগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা যান।
সেনাবাহিনী তদন্ত করবে: অস্ট্রেলিয়ায় সাধারণত গ্রীষ্মকালে দাবানল সৃষ্টি হয়। এখন বসন্তের শেষ সময় বলে একে অসময়ের দাবানল বলেছেন কেউ কেউ। আবার শোনা যাচ্ছে, সেনাবাহিনীর এক প্রশিক্ষণের অংশ হিসেবে বিস্ফোরণ ঘটানোর কারণে দাবানলের সৃষ্টি হয়ে থাকতে পারে।
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যেদিন প্রশিক্ষণ শুরু হয়েছে, সেদিন থেকেই দাবানলের সৃষ্টি হওয়ায় প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিবিসি ও এএফপি।