নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি শুরু এগিয়ে রমনি
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রাইমারি অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী বাছাই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল মধ্যরাতের (গ্রিনিচ সময় পাঁচটা) পর নিউ হ্যাম্পশায়ারের ছোট দুটি শহর ডিক্সভিল নচ ও হার্টস লোকেশনে ভোটদান শুরু হয়। এতে সামান্য ব্যবধানে বিজয়ী হন রিপাবলিকান ফ্রন্ট রানার মিট রমনি। প্রতিবেশী দেশ কানাডার সীমান্তবর্তী ডিক্সভিল নচ শহরে এ সময় মোট ভোট পড়ে নয়টি। এর মধ্যে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি ও চীনে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন হান্টসম্যান প্রত্যেকে দুই ভোট করে পেয়েছেন। শহরের কর্মকর্তা রিচার্ড এরউইন এ কথা জানান। তবে হার্টস লোকেশন শহরে সর্বমোট ২৩ ভোটের মধ্যে রমনি পান পাঁচটি ভোট। সেখানে টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেস প্রতিনিধি রন পল চার ভোট পেয়ে দ্বিতীয় হন। আর হান্টসম্যান পান দুই ভোট। এএফপি।