নিউইয়র্কে সৌরশক্তি চালিত উড়োজাহাজের নিরাপদ অবতরণ

পরীক্ষাধীন সৌরশক্তিচালিত উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণ শেষে গত শনিবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছে। ভ্রমণকালে বিমানটির একটি পাখা ক্ষতিগ্রস্ত হয়। তবে এক আসনের বড় আকৃতির উড়োজাহাজটি শনিবার স্থানীয় সময় ভোর হওয়ার কিছু আগে ওয়াশিংটনের ডালাস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বেলা ১১টা ১১ মিনিটে কেনেডি বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর সুইস পাইলট আন্দ্রে বোর্সবার্গ বিমানবন্দরে তাঁর সহকর্মী পাইলট বাট্রান্ড পিকার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁরা বিজয়সূচক চিহ্ন দেখিয়ে ছবি তোলেন।
পাইলট বোর্সবার্গ সাংবাদিকদের বলেন, বিমানের বাঁ দিকের পাখাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় অবতরণ করা কঠিন হয়ে পড়েছিল। বোর্সবার্গের সহকর্মী পাইলট বাট্রান্ড পিকার্ড বলেন, উপকূল থেকে উপকূলে উড়ে বেড়ানো সেরা বৈমানিকদের জন্য সব সময়ই খুব চ্যালেঞ্জের। এর আগে ইউরোপ ও আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন অংশে সাফল্যের সঙ্গে উড্ডয়ন করেছে সৌরশক্তিচালিত উড়োজাহাজটি। এএফপি।