নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট আবার হ্যাকিংয়ের শিকার
চলতি মাসে দ্বিতীয় দফায় হ্যাকিংয়ের শিকার হলো নিউইয়র্ক টাইমস। মঙ্গলবার প্রভাবশালী পত্রিকাটির ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এদিন টুইটার ও হাফিংটন পোস্টও আংশিকভাবে হ্যাকিংয়ের শিকার হয়।নিউইয়র্ক টাইমস-এর ফেসবুক পেজে বলা হয়েছে, হ্যাকিংয়ের সমস্যা দেখা দেওয়ার পরপরই তা সমাধানের চেষ্টা করা হয়। প্রায় তিন ঘণ্টা পর সমস্যার আংশিক সমাধান সম্ভব হয়। এর আগে ১৪ আগস্ট নিউইয়র্ক টাইমস-এর ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল। মঙ্গলবার ওয়েবসাইটটি সাময়িক বন্ধ থাকার সময় পত্রিকাটির ফেসবুক পেজ ও বিকল্প ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হয়।বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একদল সমর্থক মঙ্গলবারের ওই সাইবার হামলা চালিয়েছে বলে প্রাথমিক তথ্যপ্রমাণ মিলেছে। নিউইয়র্ক টাইমস-এর প্রধান তথ্য কর্মকর্তা মার্ক ফ্রনস বলেছেন, সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামের একটি সংগঠন ওই সাইবার হামলা চালায়। এ সমস্যা পুরোপুরি সমাধান না-হওয়া পর্যন্ত পত্রিকাটির কর্মীদের ই-মেইল পাঠানোর সময় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, সিরিয়ার ওই সংগঠনটিই যে নিউইয়র্ক টাইমসের সাইট হ্যাক করেছিল, এতে কোনো সন্দেহ নেই।একটি অনলাইন নিরাপত্তা কোম্পানির বিশেষজ্ঞ কেন ওয়েস্টিন বলেন, সিরিয়ান ইলেকট্রনিক আর্মি ডট কম থেকে ওই হামলা চালানো হয়। মঙ্গলবার সংগঠনটি এক বার্তায় টুইটারের প্রশাসনিক যোগাযোগের তথ্য হ্যাক করার দায়িত্ব স্বীকার করে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও টাইম সাময়িকী ওয়েবসাইটও একই সংগঠনের হ্যাকিংয়ের শিকার হয় বলে মনে করা হয়। গত জানুয়ারিতে নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষ জানায়, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পরিবারের সম্পদ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর তাদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। তখন ৫৩ জন কর্মীর পাসওয়ার্ড চুরি করেছিল হ্যাকারেরা। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ম্যাকঅ্যাফির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইকেল ফে বলেছেন, যত দিন গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ খবর প্রকাশ ও বিতর্কে প্রভাব রাখা অব্যাহত রাখবে, তত দিনই তারা সাইবার হামলার হুমকির মুখে থাকবে। এ ধরনের হামলা চলবেই। বিবিসি।