মুসলমানদের ওপর গোয়েন্দাগিরির অভিযোগে নিউইয়র্ক পুলিশ বিভাগের বিরুদ্ধে মামলা হয়েছে। একাধিক মুসলিম নাগরিক অধিকার সংগঠনের পক্ষ থেকে গত বুধবার নিউজার্সির একটি আদালতে মামলাটি করা হয়। এ মামলার মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা তৎপরতাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হলো।নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁরা মুসলমানদের মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য জনারণ্য এলাকাগুলোয় গোয়েন্দা নজরদারি করে।মুসলিম অ্যাডভোকেটস নামের একটি নাগরিক অধিকার সংগঠন বলেছে, কয়েকটি মুসলিম সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে নিউজার্সির নেওয়ার্কের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়েছে। মুসলমানদের ওপর ফের গোয়েন্দাগিরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেছে সংগঠনটি। পাশাপাশি অতীতে গোয়েন্দাগিরি করে যেসব রেকর্ড সংগ্রহ করা হয়েছে, তা ধ্বংস করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।জনমত জরিপে দেখা গেছে, নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা নজরদারি নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও নিউইয়র্ক সিটির ভোটারেরা বিষয়টি সমর্থন করছেন। তাঁরা জানান, নিউইয়র্ক পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়েছে।মামলা সম্পর্কে জানতে চাইলে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন নিউজার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন। তিন মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে করা ওই প্রতিবেদনের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে, নিউইয়র্ক পুলিশ ভুল কিছু করেনি।২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ব্রাউন জানান, নিউজার্সি, নিউইয়র্কসহ সারা বিশ্বে সন্ত্রাসবাদ রুখতে এবং এখান (নিউজার্সি) থেকে ফেরত গিয়ে নিউইয়র্কবাসীকে হত্যার হাত থেকে বাঁচানোর ক্ষেত্রে নিউইয়র্ক পুলিশের কর্মকাণ্ড আইনসংগত ও সঠিক।মুসলিম মার্কিনিরা বলেছেন, একটি নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী হওয়ায় তদন্ত ও গোয়েন্দা নজরদারির স্বার্থে শুধুই তাঁদের লক্ষ্য করার নীতি গ্রহণযোগ্য হতে পারে না। এ কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।মামলায় বলা হয়েছে, নিউইয়র্ক পুলিশের ব্যাপকভিত্তিক নজরদারি এটাই প্রমাণ করে, তাঁদের দৃষ্টিতে জনগণের নিরাপত্তার ক্ষেত্রে মুসলমানেরা হুমকিস্বরূপ। আর এর মাধ্যমে তাঁরা ইসলাম ধর্মে বিশ্বাসী সবাইকে দোষারোপ করতে চাইছে। ফলে নিউজার্সিতে বসবাসরত মুসলমানেরা ‘বিশেষ ইঙ্গিতপূর্ণ কলঙ্ক’ বয়ে বেড়াচ্ছেন।