৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার স্থানান্তরের জন্য সাইবার চোরদের ভুয়া চারটি আবেদন অনুমোদনের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক একই ধরনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। কারণ, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে রাখা ওই অর্থ স্থানান্তরের জন্য তখনকার ওই আবেদনে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ছিল। এ ঘটনার বিষয়ে প্রত্যক্ষ ধারণা রাখেন—এমন দুই ব্যক্তি এ কথা জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে রিজার্ভের ওই অর্থ চুরির দিনে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রাথমিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে তহবিল স্থানান্তরের ৩৫টি অনুরোধ বা আবেদন বাতিল করেছিল। ওই ব্যাংকের একজন কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। কিন্তু পরে আবার আবেদন করা হলে নিউইয়র্কের ওই ব্যাংক সেগুলো অনুমোদন করে। ফলে প্রতিষ্ঠানটি সেই প্রাথমিক সতর্কবার্তা বুঝতে পেয়েছিল কি না, সেই প্রশ্ন উঠেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নিউইয়র্ক শাখা প্রাথমিকভাবে ওই অর্থ স্থানান্তরের আবেদন উপেক্ষা করে। কারণ, এসব আবেদনে সুইফটের বার্তা বিনিময় ব্যবস্থার শর্ত পূরণ করা হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে অর্থ স্থানান্তরের জন্য সুইফট নামের ওই বার্তা বিনিময় ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, এসব আবেদনে সংশ্লিষ্ট ব্যাংকের নাম ছিল না। সে কারণেই নিউইয়র্কের ব্যাংকটি সেসব ফিরিয়ে দেয়। পরে সুইফটের নেটওয়ার্ক ভেঙে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ চুরি করেছে। প্রথম দফায় ব্যর্থ হয়ে তারা আবেদনের শর্তগুলো ঠিকমতো পূরণ করেই অর্থ স্থানান্তরের অনুরোধ জানিয়ে বার্তা পাঠিয়েছিল। দ্বিতীয় দফায়ও নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক ৩০টি আবেদন প্রত্যাখ্যান করে। কিন্তু পাঁচটি আবেদন অনুমোদন পেয়ে যায়—যার মাধ্যমে মোট ১ কোটি ১০ লাখ ডলার স্থানান্তর হয়েছে। পরে ওই পাঁচটির মধ্যে একটি অর্থ স্থানান্তরের প্রক্রিয়া আটকে দেওয়া হয় একটি বানান ভুল হওয়ার কারণে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের উচিত ছিল প্রথম ও দ্বিতীয় দফার সব কটি আবেদন প্রত্যাখ্যান করা।