নিউইয়র্ক ম্যারাথন বাতিল
বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে ঘূর্ণিঝড় স্যান্ডি-পরবর্তী সময়ের ঐতিহ্যবাহী নিউইয়র্ক ম্যারাথন বাতিল করা হয়েছে। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ গত শুক্রবার এই ঘোষণা দেন।আজ রোববার নিউইয়র্কের স্টাটেন দ্বীপে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। তবে গত সোমবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষয়ক্ষতি ও প্রাণহানির প্রেক্ষাপটে প্রতিযোগিতা আয়োজনের যৌক্তিকতা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্যান্ডির আঘাতে দুর্গত এলাকায় এখন পর্যন্ত ১০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই নিহত হয়েছে ৪০ জন। মেয়র ব্লুমবার্গ এক বিবৃতিতে বলেন, ‘এই প্রতিযোগিতাটির ওপর আমরা অনিশ্চয়তার মেঘ ঝুলিয়ে রাখতে চাই না। প্রতিযোগীদেরও মানসিক চাপে ফেলতে চাই না। তাই আমরা এই ম্যারাথন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘একটি ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আমরা কোনো বিতর্ক কিংবা বিভেদও সৃষ্টি হতে দিতে পারি না।’ বিবিসি।