নিউইয়র্কে অনুমতি ছাড়াই বিশাল বিলবোর্ডে ওবামার ছবি
নিউইয়র্ক নগরের টাইম স্কয়ারে গত বুধবার থেকে বিশাল বিলবোর্ডে শোভা পাচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ছবি। চীনের প্রাচীরের সামনে কালো একটি জ্যাকেট পরে দাঁড়িয়ে আছেন তিনি। বিলবোর্ডের ক্যাপশনে লেখা ‘এ লিডার ইন স্টাইল’।বিখ্যাত পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ওয়েদারপ্রুফ এই বিজ্ঞাপনচিত্র ঝুলিয়েছে। বিজ্ঞাপন বা বাণিজ্যিক কারণে বারাক ওবামা তাঁর নাম ব্যবহারের বিষয়টি পছন্দ করেন না। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বিলবোর্ডটি সরিয়ে নেওয়ার জন্য ওয়েদারপ্রুফকে বলা হবে। ওয়েদারপ্রুফ বিজ্ঞাপনচিত্রটি প্রদর্শনের আগে প্রেসিডেন্ট বা হোয়াইট হাউসের কোনো অনুমতি নেয়নি।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কাছ থেকে প্রেসিডেন্ট ওবামার ছবিটির ব্যবহারস্বত্ব কিনে নিয়েছে ওয়েদারপ্রুফ। ওবামার সাম্প্রতিক চীন সফরের সময় ছবিটি ধারণ করা হয়। ওয়েদারপ্রুফ কোম্পানির দাবি, প্রেসিডেন্ট ওবামা তাদের তৈরি জ্যাকেট পরেই দাঁড়িয়ে আছেন চীনের প্রাচীরের সামনে। কোম্পানির প্রেসিডেন্ট ফ্রেডি স্টলম্যাক বলেছেন, বিলবোর্ডে ছবি ব্যবহারের জন্য তাঁরা অনুমতি নেননি। তবে সরল বিশ্বাসে তাঁরা কাজটি করেছেন। সুদর্শন প্রেসিডেন্টকে এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে চমত্কারভাবে উপস্থাপন করা হয়েছে। সমালোচনার জবাবে তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য তো আমাদের কোম্পানিকে হোয়াইট হাউসের কৃতজ্ঞতা জানানো উচিত।’ওয়েদারপ্রুফ অবশ্য জানিয়েছে, নিউইয়র্ক টামস, নিউইয়র্ক পোস্টসহ বেশ কটি পত্রিকা প্রেসিডেন্ট ওবামার ছবিসংবলিত তাদের ওই বিজ্ঞাপন ছাপতে রাজি হয়নি। লিম কলেজের মার্কেটিং বিভাগের প্রধান ডাডলি ব্লজম বলেছেন, বিজ্ঞাপনটি ভোক্তাদের ওপর কার্যকর প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা—দুজনেরই ফ্যাশনে গ্রহণযোগ্যতা রয়েছে। সাম্প্রতিক কোনো মার্কিন প্রেসিডেন্টকে কোনো পণ্যের বিজ্ঞাপনচিত্রে এভাবে ব্যবহার করতে দেখা যায়নি।