আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কানকে গ্রেপ্তার করা হয়েছে। যৌন নির্যাতনের অভিযোগে গত শনিবার নিউইয়র্কে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিউইয়র্ক পুলিশের উপ-মুখপাত্র রায়ান সিসা সাংবাদিকদের জানান, স্ত্রস কানের বিরুদ্ধে যৌন অপরাধ, অবৈধভাবে আটকে রাখা ও ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ৩২ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, নিউইয়র্কের একটি হোটেলের কক্ষে কান ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী ওই হোটেলেরই কর্মী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৬২ বছর বয়সী কান শনিবার এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে করে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার প্রাক্কালে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিউইয়র্ক ও নিউজার্সির বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কানকে গ্রেপ্তারের পর তাঁকে কিছু সময় আমাদের হেফাজতেই রাখি। পরে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।’পুলিশ জানায়, দমিনিক কান শনিবার নিউইয়র্কের সোফিটেল হোটেলের একটি কক্ষে ওই হোটেলেরই একজন নারীকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।ওই নারীকর্মী অভিযোগ করেন, তিনি দমিনিক কানের হোটেল স্যুটে প্রবেশ করলে কান তাঁর ওপর চড়াও হন। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, হোটেলের ওই স্যুট ফাঁকা রয়েছে—এমন ধারণা করেই ওই নারীকর্মী সেখানে প্রবেশ করেন। দ্য নিউইয়র্ক টাইমস ওই নারীকর্মীর বরাত দিয়ে জানায়, স্যুটে প্রবেশের কক্ষ পরিপাটির কাজ করছিলেন তিনি। এ সময় কান তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এমএসএনবিসি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ওই নারী কানের হোটেল স্যুট থেকে বেরিয়ে এসে বিষয়টি হোটেলের অন্য কর্মীদের জানান এবং পুলিশকে ফোন করেন।পুলিশ সূত্র জানায়, কান তাঁর মুঠোফোন এবং ব্যক্তিগত কিছু জিনিসপত্র হোটেল স্যুটে রেখেই তড়িঘড়ি করে বেরিয়ে যান। জন এফ কেনেডি বিমানবন্দরে গিয়ে প্যারিসগামী একটি বিমানে ওঠেন তিনি। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিমানটি ছাড়ার মিনিট দশেক আগে কানকে নামিয়ে আনা হয়।তবে কান কীভাবে এত দ্রুত বিমানের টিকিট সংগ্রহ করলেন, তা স্পষ্ট নয়। কারণ, রোববার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা ছিল। সোম ও মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর অর্থমন্ত্রীদের সভায় তাঁর অংশ নেওয়ার কথা। কানের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি আইএমএফ। ওয়াশিংটনে সংস্থাটির মুখপাত্র এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।দমিনিক স্ত্রস কান ২০০৭ সাল থেকে আইএমএফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালেও যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেবার আইএমএফের উচ্চপদস্থ একজন নারী অর্থনীতিবিদের সঙ্গে এমন আচরণ করায় ক্ষমা চেয়েছিলেন কান। ১৯৬৭ সালে প্রথম বিয়ে করার পর আরও দুজনকে বিয়ে করেন কান। বর্তমান স্ত্রী সাংবাদিক অ্যান সিনক্লেয়ারকে বিয়ে করেন ১৯৯১ সালে। এএফপি।