নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কোকেন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুটি ব্যাগে ১৬ কেজি কোকেন পাওয়া গেছে। পুলিশের ধারণা, সেগুলোর মালিক সম্ভবত মেক্সিকোর মাদক পাচারকারীরা। ভুলক্রমে ওই মাদকদ্রব্য জাতিসংঘের কার্যালয়ে চলে যায়।পুলিশ ও জাতিসংঘের কর্মকর্তারা গত বৃহস্পতিবার জানান, কোকেন ভর্তিব্যাগ দুটি ১৬ জানুয়ারি জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছায়। ওই কোকেনের মূল্য আনুমানিক ২০ লাখ ডলার। পাচারের কৌশল হিসেবে ব্যাগ দুটির গায়ে জাতিসংঘের প্রতীক ব্যবহার করা হয়। তবে প্রতীকগুলো যে জাল ছিল, তা সন্দেহাতীত।নিউইয়র্কের পুলিশ জানায়, ব্যাগ দুটির গায়ে জাতিসংঘের প্রতীক অঙ্কিত ছিল। তবে তাতে প্রেরক বা প্রাপকের কোনো ঠিকানা ছিল না। ব্যাগ দুটি মেক্সিকো থেকে কুরিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছায়। সম্ভবত ঠিকানাবিহীন ওই ব্যাগ দুটির গায়ে ব্যবহূত প্রতীক দেখে সেগুলো জাতিসংঘের জিনিস বলে ভুল করে ডিএইচএল। এএফপি।