নিউইয়র্কে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধস্ত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গত শনিবার পরপর দুটি টর্নেডোর আঘাত হেনেছে। এতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নিউইয়র্কে এ ধরনের ঘূর্ণিঝড় খুবই বিরল। প্রথম ঘূর্ণিঝড় নিউইয়র্কের কুইন্সবরোর ব্রিজি পয়েন্টে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৩ কিলোমিটার। এর কয়েক মিনিট পর ব্রুকলিন বরোর ক্যানারসিতেও ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের একটি খেলা স্থগিত করা হয়েছে।কুইন্সের প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর আঘাতে অনেক গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। পিকনিক স্পটের অনেক বেঞ্চ ও ডাস্টবিন উড়ে যায়। এমনকি অনেক যানবাহনও উল্টে যায়। ইউটিউবের ভিডিও ফুটেজে দেখা গেছে, ব্রিজি পয়েন্ট সার্ফ ক্লাবের অনেক ছোট ছোট ঘরের ছাদ দুমড়েমুচড়ে গেছে।সার্ফ ক্লাবের এক কর্মকর্তা জানান, ‘ঘূর্ণিঝড়ের সময় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। এ সময় ভবনের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সব বিজলিবাতি নিভে যায়। সবকিছু মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।’ব্রুকলিনের ক্যানারসি এলাকাতেও কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক গাছপালা উপড়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে ভারী বর্ষণ হয়।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) পূর্বাভাসে বলা হয়, নিউজার্সি, কানেকটিকাট, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস ও পেনসিলভানিয়ার কিছু কিছু জায়গায় ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। বিবিসি।