যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের টাইমস স্কয়ার এলাকায় একটি গাড়িবোমা নিষ্ক্রিয় করেছে বোমা বিশেষজ্ঞরা। এ ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরের কেন্দ্রস্থল থেকে কয়েক হাজার পর্যটককে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এই গাড়িবোমা হামলা প্রতিহত করতে পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও নিউইয়র্ক নগরের মেয়র মাইকেল ব্লুমবার্গ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউইয়র্ক পুলিশ কমিশনার রেমন্ড কেলি জানিয়েছেন, শনিবার স্থানীয়সময় সন্ধ্যা সাতটার দিকে একজন হকার দেখতে পান, টাইমস স্কয়ারের কাছে ৪৫ স্ট্রিটে রাখা একটি নিশান পাথফাইন্ডার গাড়ি থেকে ধোঁয়া বেরুচ্ছে। তখন গাড়িটির ইঞ্জিন চালু ছিল। এর লাইট জ্বলছিল। তিনি ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই মাইল এলাকা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। পরে রোবটের সাহায্যে সন্দেহজনক গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটিতে গ্যাসোলিন গান পাউডার, পেট্রল, প্রপেন ট্যাংক, বৈদ্যুতিক তার এবং বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহারের জন্য একটি ঘড়ি পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় হাজার হাজার পর্যটককে দ্রুত টাইমস স্কয়ার এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। আশপাশের হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট থেকে লোকজন দ্রুত সরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের শত শত গাড়ি এবং হেলিকপ্টার টহলে পুরো নগরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যরাতের দিকে কিছু কিছু সড়ক পথ খুলে দেওয়া হয়।নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউনি জানান, এ ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এ ঘটনায় কারা জড়িত তাত্ক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তিকে গাড়িটির কাছ থেকে দৌঁড়িয়ে পালিয়ে যেতে দেখেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এফবিআই কর্মকর্তারাও তদন্ত কাজে যোগ দিয়েছেন। সিসি টিভির ফুটেজে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সময় নিউইয়র্কের মেয়র ও পুলিশ কমিশনার রেমন্ড কেলি ওয়াশিংটনে অবস্থান করছিলেন। খবর পেয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের নৈশভোজ অনুষ্ঠান থেকে তাঁরা সাংবাদিকসহ হেলিকপ্টারে দ্রুত নিউইয়র্কে চলেআসেন।মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, ‘আমরা একটি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের তাত্ক্ষণিক তৎপরতার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’ মেয়র বলেন, ‘বোমাটি শিক্ষানবিশদের তৈরি বলে মনে হয়েছে। এর পরও বোমাটির বিস্ফোরণ ঘটলে প্রাণহানি হতে পারত। এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা সন্ত্রাসী হামলার কতটা ঝুঁকির মুখে রয়েছি।’ হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা পুলিশি তৎপরতার প্রশংসা করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।