নিউইয়র্কে তিব্বতিদের মিছিল
চীনা শাসনের বিরুদ্ধে তিব্বতিদের ব্যর্থ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত শনিবার বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি শহরের ব্রুকলিন ব্রিজ থেকে জাতিসংঘ সদর দপ্তর অভিমুখে যায়। এতে প্রায় দুই হাজার তিব্বতি অংশ নেন। তিব্বতিদের ওপর চীন সরকারের দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়ে ওই মিছিল শুরু হয়। এর আগে ব্রুকলিন ব্রিজে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন চীনের নিরাপত্তা বাহিনীর হাতে বন্দী তিব্বতি প্রামাণ্যচিত্র নির্মাতা ধনদুপ ওয়াংচেনের স্ত্রী লামো সো। বিক্ষোভকারীদের একের পর এক আত্মাহুতির ঘটনায় তিনি চীন সরকারকে দায়ী করেন। এ ছাড়া বক্তব্য দেন নিউইয়র্ক ও নিউ জার্সিতে অবস্থানরত তিব্বতি সংগঠনের সহসভাপতি সোনাম গায়াৎসো। তিনি তিব্বতের স্বাধীনতা ও দালাইলামার প্রত্যাবর্তন দাবি করেন। এরপর বিক্ষোভকারীরা মোমবাতি হাতে নিয়ে ইউনিয়ন স্কয়ারে মিছিল করেন।তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে গত বছর অন্তত ২০ ব্যক্তি আত্মাহুতি দিয়েছেন। এ জন্য চীনা শাসকদের দমন-পীড়নকে দায়ী করেছে ভারতে নির্বাসিত তিব্বতি সরকার। তবে চীনের অভিযোগ, তিব্বতকে বিচ্ছিন্ন করার জন্য লোকজনকে আত্মহত্যায় প্ররোচিত করছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। এএফপি।