নিউইয়র্কে ভবনধসে ৬ জন নিহত নিখোঁজ ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বুধবারের ভবনধসের ঘটনায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। গতকাল পর্যন্ত নিখোঁজ ছিলেন নয়জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন। নগর কর্তৃপক্ষ জানায়, গ্যাস-সংযোগে ছিদ্র হয়ে বড় ধরনের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও এ দুর্ঘটনাকে ‘চরম বেদনাদায়ক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। কারণ, গ্যাসের গন্ধ টের পাওয়ার পরও লোকজনকে বাঁচানোর সময় পাওয়া যায়নি।
ম্যানহাটনের ইস্ট হার্লেম এলাকার দুটি ভবনে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তা নেভানোর জন্য দমকল বাহিনীর কর্মীরা বুধবার বিকেলজুড়ে তৎপরতা চালান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। এতে ঘন ধোঁয়া এবং বিভিন্ন ধাতব পদার্থের অংশবিশেষ ছড়িয়ে পড়ে। ফলে গোটা এলাকায় যেন যুদ্ধক্ষেত্রের পরিবেশ তৈরি হয়। আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
ধ্বংসস্তূপ দেখে কেউ কেউ নিউইয়র্কে ২০০১ সালের নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার স্মৃতিচারণা করেন। আবার অনেকে ঘটনাটিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করেন। বিধ্বস্ত ভবন দুটিতে মোট ১৫টি অ্যাপার্টমেন্ট ছিল। সেখানে মূলত হিস্পানিক (লাতিনো) সম্প্রদায়ের বসবাস ছিল। বিস্ফোরণের ১৫ মিনিট আগেই গ্যাস ছড়িয়ে পড়ার খবর দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কন এডিসনকে। দমকল বাহিনীর কর্মীরা সকাল সাড়ে নয়টায় বিস্ফোরণের দুই মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান।
আহত ৬৩ জনকে চারটি ভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাতটি শিশুও রয়েছে। এএফপি ও বিবিসি।