নিউইয়র্কে নেওয়া হয়েছে হামজাকে
মিসরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজা আল-মাসরিসহ পাঁচজন সন্দেহভাজন জঙ্গিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের বহনকারী দুটি বিশেষ বিমান নিউইয়র্কে পৌঁছায়। গত শুক্রবার যুক্তরাজ্যের হাইকোর্ট আবু হামজা, বাবর আহমদ, সৈয়দ তালহা আহসান, আবদেল আবদুল বারি ও খালেদ আল-ফাওয়াজকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ না করার আবেদন খারিজ করে দেন। নিউইয়র্কে বিচারের মুখোমুখি করার জন্য তাঁদের যুক্তরাষ্ট্রে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। দুজন বিচারক বলেন, যুক্তরাজ্যে অবস্থানের পক্ষে তাঁদের আবেদনে জোরালো ও নতুন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। নিউইয়র্কে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের প্রাথমিক শুনানির মুখোমুখি করার কথা রয়েছে।হামজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা ও ইয়েমেনে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে জিম্মি করতে সহায়তা দেওয়া এবং আফগানিস্তানে জিহাদে যোগ দেওয়ার জন্য জঙ্গিদের প্রতি আহ্বান জানানোসহ ১১টি অভিযোগ আনা হয়েছে। বিবিসি।