নিউইয়র্কে বাংলা উত্সব ও বইমেলা ১৩ জুন
নিউইয়র্কের কুইন্সের ব্রায়ান্ট হাইস্কুল মিলনায়তনে আগামী ১৩ জুন থেকে আন্তর্জাতিক বাংলা উত্সব ও বইমেলার ২৩তম উত্সব শুরু হচ্ছে। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে ১৩, ১৪ ও ১৫ জুন আয়োজিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার।
বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক কবি, লেখক, সাহিত্যিক, শিল্পী ও আবৃত্তিকার যোগ দিচ্ছেন। উত্সবে বাংলাদেশ থেকে কবি মহাদেব সাহা, লেখক-সাহিত্যিক মঈনুস সুলতান, মাসুদা ভাট্টি এবং জার্মান থেকে কবি দাউদ হায়দার ও নাজমুন নেসা পিয়ারী যোগ দেবেন। বইমেলায় লেখক, সাহিত্যিক ছাড়াও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত্ বিশ্বাস, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব ও লেখক নববিক্রম ত্রিপুরা। আরও যোগ দেবেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবীর, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিকুর রহমান ও সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।
বইমেলায় ১০টি প্রকাশনা সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ একাডেমিক ও ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও আগামী প্রকাশনার প্রধান পরিচালক ওসমান গনি, ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দীন আহমেদ, অনন্যা প্রকাশনার প্রধান মনিরুল হক, বিদ্যাপ্রকাশ, প্রকৌশলী মেহেদী হাসান, বাংলা প্রকাশ, প্রথমা প্রকাশন, স্টুডেন্ট ওয়েজ, প্রীতম প্রকাশ, গতিধারা ও সময় প্রকাশন।
বইমেলা ঘিরে এ বছর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। উত্সবের আহ্বায়ক জিয়াউদ্দীন আহমেদ জানান, এ বছরের অনুষ্ঠানের মূল বিষয় হলো ‘আমার বাংলা’। অনুষ্ঠানের শুরুতে থাকবে সম্মিলিত গীত ও নৃত্য। ঢাকার ধৃতি নৃত্যশালা ওয়ারদা রিহাবের নেতৃত্বে বিশেষ দলীয় উপস্থাপনা পরিবেশন করবে।
এ ছাড়া পশ্চিমবঙ্গের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা এবং বাংলাদেশের লোকসংগীতের প্রখ্যাত শিল্পী চন্দনা মজুমদার সংগীত পরিবেশন করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে অবিস্মরণীয় শিল্পী মান্না দের স্মরণে বিশেষ অনুষ্ঠান। পঞ্চকবির স্মরণে অনুষ্ঠানমালায় শিল্পী দুলাল ভৌমিকের পরিকল্পনা ও পরিচালনায় থাকছে ‘লোকে বলে বলে রে’ নামক হাসন রাজা, রাধারমণ ও বাংলার লোকগানের ওপর বিশেষ অনুষ্ঠান। এ বছরই বইমেলায় প্রথম যোগ হতে যাচ্ছে তাজুল ইমামের পরিচালনায় ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান ‘হ য ব র ল’।
বইমেলার তিন দিনের অনুষ্ঠানের পরিকল্পনাকারী লেখক-প্রাবন্ধিক হাসান ফেরদৌস জানান, এ বছর সম্মাননা জানানো হবে একাত্তরের মার্কিন সহযোদ্ধা ডেভিড নালিনকে। মার্কিন চিকিত্সক নালিন ১৯৬৮ সালে ঢাকার কলেরা হাসপাতালে কর্মরত অবস্থায় ওরস্যালাইন আবিষ্কারে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ফিলাডেলফিয়ার ফ্রেন্ডস অব বাংলাদেশের সদস্য হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষেও তিনি বিশেষ ভূমিকা রাখেন।
বইমেলার অনুষ্ঠানে কোনো প্রবেশমূল্য লাগবে না।