নিউইয়র্কে বোমা হামলার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ পৃথক পাঁচ জায়গায় বোমা হামলার ঘটনায় গত মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার বোতলে দাহ্য পদার্থ ভরে তৈরি হাতবোমার সাহায্যে ওই সব হামলা চালানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রে লেজিয়ার লেনজেন্ডস (৪০)। চুরি যাওয়া ভার্জিনিয়ার নম্বরপ্লেটধারী একটি গাড়ির সূত্র ধরে তাঁকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার একটি পণ্যসামগ্রীর দোকান, তিনটি বাড়ি ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে চালানো হামলার মধ্যে অন্তত দুই জায়গার হামলায় ওই গাড়িটি ব্যবহার করা হয়েছে। তবে কোনো হামলার ঘটনায় কেউ আহত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানান, গায়ানার বংশোদ্ভূত লেনজেন্ডস কুইন্স এলাকায় বসবাস করেন। তিনি আরও জানান, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বাথরুম ব্যবহারের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ লেনজেন্ডস ওই কেন্দ্রে হাতবোমা ছোড়েন। পুলিশের এক মুখপাত্র জানান, লেনজেন্ডসের স্বীকারোক্তি অনুসারে ওই সব হামলার সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলার পেছনে লেনজেন্ডসের ব্যক্তিগত কষ্ট রয়েছে। গত ২৭ ডিসেম্বর ওই দোকান থেকে পণ্যসামগ্রী চুরির চেষ্টাকালে লেনজেন্ডসকে বের করে দেওয়া হয়। পুলিশ কমিশনার রেমন্ড কেলি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই দোকান থেকে লেনজেন্ডসকে বের করার সময় তিনি প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। এপি।