নিউইয়র্কে মসজিদ নির্মাণে রুশদির সমর্থন
বিতর্কিত বই দ্য স্যাটানিক ভার্সেস-এর লেখক সালমান রুশদি বলেছেন, নিউইয়র্কে মসজিদ ও ইসলামিক কেন্দ্র নির্মাণের অধিকার রয়েছে সেখানকার মুসলমানদের। গত সোমবার নিউইয়র্কে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। নিউইয়র্ক সিটিতে ২০০১ সালের ৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ধ্বংস হওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের স্থান ‘গ্রাউন্ড জিরো’র খুব কাছে ওই ইসলামিক সেন্টার ও মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্ক দেখা দিয়েছে।রুশদি বলেন, গ্রাউন্ড জিরোর কাছে এ ধরনের স্থাপনা নির্মাণের বিষয়টি স্পর্শকাতর। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধানে নাগরিকদের বাক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। একে সম্মান জানানো উচিত। তিনি ব্যক্তিগতভাবে মসজিদ বা কোনো ধরনের ধর্মীয় প্রার্থনার স্থান পছন্দ করেন না। কিন্তু জনগণ যদি একটি মসজিদ স্থাপন করতে চায়, তাহলে তা করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। ১৯৮০-এর দশকে রুশদির দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দ্য ডন অনলাইন।