নিউইয়র্কে মুসলমানদের ওপর গোয়েন্দা নজরদারি, ক্ষোভ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলমানদের ওপর অতিরিক্ত গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। গত শুক্রবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। এর আগে গত মাসে নিউইয়র্কসহ আশপাশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুসলমান শিক্ষার্থীদের ওপর গোয়েন্দা নজরদারির খবর প্রকাশিত হয়। এ নিয়ে নিউইয়র্কে বসবাসরত মুসলমানদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।পুলিশের ‘গোপন দলিল’-এর বরাত দিয়ে শুক্রবার প্রকাশিত এপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মুসলমানদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরও কড়া গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর) প্রেসিডেন্ট জিয়া ও রমাদান বলেন, সন্ত্রাস বা অপরাধ দমন নয়, কার্যত একটি ধর্মগোষ্ঠীকে আক্রমণ করাই পুলিশের লক্ষ্য। বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবিধানে স্বীকৃত অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন।এদিকে শুক্রবার নগরের নিরাপত্তা রক্ষায় পুলিশের তৎপরতা নিয়ে মুসলমান নেতাদের সঙ্গে বৈঠক করেন নিউইয়র্কের পুলিশ প্রধান রেমন্ড কেলি। বৈঠক চলাকালে পুলিশ সদর দপ্তরের সামনে মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হয়। মুসলমানদের ওপর গোয়েন্দা নজরদারির ব্যাপারে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ সঠিক কাজটিই করছে। নগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ ব্যাপারে মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিখ হোল্ডার বলেন, বিচার বিভাগের পক্ষ থেকে মুসলমানদের ওপর নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা নজরদারির যথার্থতা যাচাই করা হচ্ছে।