নিউইয়র্কে ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা
নেলসন ম্যান্ডেলার মৃত্যু-সংবাদ ছড়িয়ে পড়ার পর হঠাত্ যেন বদলে যায় নিউইয়র্ক নগর। স্তব্ধ হয়ে যায় নগরের সব মানুষের আনন্দ-উত্সব, হইচই। মহান এই নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করতে থাকেন শোকাতুর সব মানুষ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টাইম স্কয়ারের বড় পর্দায় প্রদর্শিত হচ্ছিল নেলসন ম্যান্ডেলার জীবনকাহিনি। এ সময় নানা বর্ণ ও ধর্মের অগণিত মানুষ নীরবে দাঁড়িয়ে সময়ের শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানান।
নিউইয়র্ক নগরের কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত এলাকা ব্রুকলিন ও হারলেম। ১৯৯০ সালে নিউইয়র্ক সফরে গিয়ে নেলসন ম্যান্ডেলা হারলেমের অ্যাপোলো থিয়েটার এবং ইয়াঙ্কি স্টেডিয়ামে ভাষণ দেন। নিউইয়র্কের মানুষ এখন ম্যান্ডেলাকে দেখার ওই স্মৃতি আওড়াচ্ছেন। স্মরণ করছেন তাঁর সেই ভাষণ শুনে অনুপ্রাণিত হওয়ার কথা।
অ্যাপোলো থিয়েটারের বিশাল বিলবোর্ডে ম্যান্ডেলার মৃত্যু-সংবাদ প্রচার করা হচ্ছে। শোকবার্তাসহ নানা ধরনের ব্যানার-ফেস্টুন নিয়ে শোকার্ত লোকজন সেখানে সমবেত হন। কেউ নীরবে দাঁড়িয়ে, কেউ শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করেন।
প্রবীণ কংগ্রেসম্যান চার্লস র্যাঙ্গেল বলেন, যুক্তরাষ্ট্রের কালো মানুষদের কাছে ম্যান্ডেলার আসন মহানায়কের। তিনি বলেন, সারা পৃথিবীর অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।
নিউইয়র্কের সাবেক মেয়র ডেভিড ডিকসন ম্যান্ডেলার নিউইয়র্ক সফরের সময়টিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বিশ্বসভ্যতায় নাগরিক অধিকার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন নেলসন ম্যান্ডেলা।
হারলেমের বাসিন্দা বিলি মিচেল বলেন, ‘১৯৯০ সালে ম্যান্ডেলার বক্তৃতা শোনার পর থেকে কৃষ্ণাঙ্গ হিসেবে গর্ববোধ করতে থাকি।’
ব্রুকলিনের মাবিদা রেস্তোরাঁয় শোকার্ত দক্ষিণ আমেরিকানদের ভিড়। ম্যান্ডেলার পারিবারিক ডাক নামে এ রেস্তোরাঁ। সাদা কাগজে মোড়া হারিকেন জ্বেলে রাখা হয়েছে রেস্তোরাঁ-সংলগ্ন এলাকায়। সেখানে থেমে থেমে শোকার্ত মানুষের স্লোগান-মাবিদা ইজ ইমমরটাল।
রেস্তোরাঁর দোরগড়ায় দাঁড়িয়ে কাঁদছিলেন দক্ষিণ আফ্রিকার অভিবাসী চিত্রকর তাবিসো পকোম্বে। তিনি বলেন, এ পৃথিবীতে আরেকজন নেলসন ম্যান্ডেলা আর কখনো আসবেন না।