যুক্তরাষ্ট্রে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের দুই মাস পূর্তিতে গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে ‘ডাইরেক্ট অ্যাকশন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পুঁজিবাদবিরোধী আন্দোলনকারীরা। এ কর্মসূচির অংশ হিসেবে অহিংস সমাবেশের মাধ্যমে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ঘেরাও, দিনভর নিউইয়র্ক নগরের ১৬টি ট্রেন স্টেশনে সমাবেশ ও সন্ধ্যায় ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের কাছে সমাবেশ করার কথা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জুকোটি পার্কে আন্দোলনকারীদের ফিরে আসতে দেখা গেছে। তাঁবু এবং বিছানাপত্র ছাড়াই একদল আন্দোলনকারী দেখা যায়। অনেকে গলায় পোস্টার ঝুলিয়ে স্লোগান দেয়, ‘আমরাই ৯৯ শতাংশ, ১ শতাংশ লোভী-পুঁজিপতি নিপাত যাক।’কর্মসূচি ঠেকাতে নিউইয়র্কের বাণিজ্যকেন্দ্র ওয়াল স্ট্রিট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ মোতায়েন করা হয়। নিউইয়র্কে গুরুত্বপূর্ণ ট্রেনস্টেশনগুলোতে বুধবার রাত থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরের ডেপুটি মেয়র হাওয়ার্ড ওলফসন বলেন, নিরাপত্তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলনের অন্যতম সংগঠক বিল ডবস বলেন, আন্দোলনের দুই মাস পূর্তিতে হাতে নেওয়া সব কর্মসূচি পালন করা হবে।