যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত সোমবার একজন বন্দুকধারী গুলি করে দুজন স্বেচ্ছাসেবী দমকলকর্মীকে হত্যা করেছে। পরে ওই বন্দুকধারী মাথায় গুলি করে আত্মহত্যা করে। পুলিশ বলছে, ‘ফাঁদ পেতে’ দমকলকর্মীদের হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নিউইয়র্কের ওয়েবস্টার শহরে সোমবার স্থানীয় সময় ভোর ছয়টার আগে আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারজন দমকলকর্মী ঘটনাস্থলে যান। তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে উইলিয়াম স্পেঙ্গলার নামের এক বন্দুকধারী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে টমাৎস কাচজাওকা ও মাইক চিয়াপ্পেরিনি নামের দুই দমকলকর্মী নিহত হন। আহত হন দমকলকর্মী জোসেফ হফসেটার ও থিওডোর স্কার্ডিনো।ওয়েবস্টার পুলিশের প্রধান গেরাল্ড পিকারিং সংবাদ সম্মেলন করে জানান, দমকলকর্মীদের ফাঁদ পেতে হত্যা করা হয়েছে, এটা প্রায় স্পষ্ট। একটি বাড়ি ও একটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গেলে স্পেঙ্গলার দমকলকর্মীদের গুলি করে হত্যা করে। স্পেঙ্গলার নিজেই ওই বাড়ি ও গাড়িতে আগুন দেন বলে মনে হচ্ছে। দমকলকর্মীদের হত্যার জন্য তিনি এ ফাঁদ তৈরি করেন। পরে স্পেঙ্গলার মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ওই অগ্নিকাণ্ডে সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।পুলিশ জানায়, স্পেঙ্গলারের বোনকে পাওয়া যাচ্ছে না। আগুনে তাঁর বোনের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।পুলিশপ্রধান আরও জানান, ৬২ বছর বয়সী স্পেঙ্গলার নিজের দাদিকে হত্যা করার দায়ে ১৭ বছর কারাভোগ করেন। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। স্পেঙ্গলারের বন্ধু পরিচয় দিয়ে রজার ভারক্রুসি জানান, মাকে খুব ভালোবাসতেন স্পেঙ্গলার। গত অক্টোবরে তাঁর মা মারা যাওয়ার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন।যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের মধ্যে এ ঘটনা ঘটল। ১৪ ডিসেম্বর কানেটিকাটের স্যান্ডি হুক অ্যালিমেন্টারে স্কুলে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ২৬ জন নিহত হয়। এরপর গত শুক্রবার পেনসিলভানিয়ার প্রত্যন্ত অঞ্চলে বন্দুকধারীর গুলিতে চার ব্যক্তি নিহত হন। এএফপি, বিবিসি।