নিউইয়র্কের গভর্নর প্যাটারসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন নিউইয়র্কের গভর্নর ডেভিড প্যাটারসন। গত শুক্রবার সংবাদ সম্মেলনে আকস্মিক এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্য গভর্নরের কাছ থেকে সরে দাঁড়ানোর দাবি ওঠার পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নেন। তবে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। ২০০৮ সালে নিউইয়র্কের ডেমোক্র্যাট গভর্নর এলিয়েট স্পিটজার পদত্যাগ করেন। নারী কেলেংকারিতে ফেঁসে গিয়ে স্পিটজার ক্ষমতা থেকে সরে দাঁড়ান। সংবিধান অনুযায়ী তত্কালীন ডেপুটি গভর্নর ডেভিড প্যাটারসন অবশিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব পান। চলতি বছরের নভেম্বরে রাজ্য গভর্নর পদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা। ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে গত সপ্তাহেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন ডেভিড প্যাটারসন। যদিও দলের গুরুত্বপূর্ণ একটি অংশ তাঁর প্রার্থিতার বিরোধিতা করে আসছিল। এমনকি হোয়াইট হাউসের মনোভাবও তাঁর বিপক্ষে। সবকিছু উপেক্ষা করেই প্রার্থীর সিদ্ধান্তে অটল থাকেন তিনি। নির্বাচনী প্রচারের জন্য এরই মধ্যে প্যাটারসন ৩০ লাখ ডলারের তহবিলও সংগ্রহ করেছেন। কিন্তু প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদন পাল্টে দিয়েছে প্যাটারসনের রাজনৈতিক ভবিষ্যত্। গত বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়। প্রতিবেদনে গভর্নরের অন্যতম সহযোগী ডেভিড জনসনের বিরুদ্ধে ওঠা পারিবারিক সহিংসতা ধামাচাপা দেওয়ার বিবরণ প্রকাশিত হয়। নিউইয়র্ক টাইমস লিখেছে, সহিংসতার শিকার জনসনের স্ত্রীকে দমিয়ে রাখতে গভর্নর প্যাটারসন হস্তক্ষেপ করেছেন। এমনকি রাজ্য পুলিশও জনসনের স্ত্রীকে আদালত থেকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়েছে। প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন প্যাটারসন। বরখাস্ত করেন দীর্ঘদিনের সহযোগী জনসনকে। পরের দুই দিন এসব নাটকীয় ঘটনায় উত্তপ্ত ছিল নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গন। ডেমোক্র্যাট দলের ক্ষুব্ধ নেতারা প্রকাশ্যে প্যাটারসনকে গভর্নর পদ থেকে পদত্যাগের দাবি জানাতে থাকেন। নগরের গুরুত্বপূর্ণ দুটি পত্রিকা ডেইলি নিউজ এবং নিউইয়র্ক পোস্টও বড় শিরোনামে গভর্নরের পদত্যাগের আহ্বান জানায়। প্রচণ্ড তোপের মুখে গত শুক্রবার সংবাদ সম্মেলনে গভর্নর প্যাটারসন প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নেন। তবে মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দিয়ে বলেন, ‘রাজনীতিতে কিছু সময় আসে যখন পিছু হটতে হয়। আমার এখন পিছু হটার সময়।’ আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, ‘আমি কখনো গভর্নর পদের ক্ষমতার অপব্যবহার করিনি। তদন্ত শেষ হলেই সত্য বেরিয়ে আসবে।’ এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মিশেল প্যাটারসন।প্যাটারসনের ঘোষণাকে হোয়াইট হাউস থেকে স্বাগত জানানো হয়েছে। প্রেস সেক্রেটারি রবাট গিবস বলেছেন, ‘নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ডেভিড প্যাটারসন ঠিক কাজটিই করেছেন।’ উল্লেখ্য, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এন্ড্রু কুমো দীর্ঘদিন ধরে রাজ্য গভর্নর পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে প্যাটারসনের সঙ্গে তাঁর স্নায়ুযুদ্ধ চলছিল। নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের গভর্নর পদ হাতছাড়া করতে চায় না ডেমোক্রেটিক দল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী হিসেবে এন্ড্রু কুমোর প্রতি সমর্থন রয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার।