আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (্আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান গত শনিবার নিউইয়র্কের ভাড়া বাড়ি ছেড়ে গেছেন। আদালত গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার এক দিন পর তিনি বাড়ি ছেড়ে গেলেন।এদিকে কৌঁসুলিরা অভিযোগকারী নারীর বক্তব্যের সত্যতা নিয়ে সংশয় প্রকাশের পর এবার সংবাদপত্রে তাঁর যৌনকর্মী হিসেবে কাজ করার খবর বের হয়েছে। এতে ঘটনাটি দৃশ্যত নাটকীয় মোড় নিচ্ছে।সরকারি কৌঁসুলিরা শুক্রবার অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করার পর আদালত তাঁকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেন। কৌঁসুলিরা বলেন, গিনি থেকে যুক্তরাষ্ট্রে আসা ওই নারী গত কয়েক দিনে বেশ কয়েকবার মিথ্যা কথা বলেছেন।গত শনিবার বেলা দুইটার পরপর স্ত্রস কান তাঁর স্ত্রী আন সিনক্লেয়ারসহ নিউইয়র্কের ভাড়া বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় স্ত্রস কান ছিলেন হাস্যোজ্জ্বল। তবে বাড়ি থেকে বের হয়েই তাঁরা একটি কালো মার্সিডিজ গাড়ির পেছনের আসনে উঠে বসেন। গাড়িটি দ্রুত সেখান থেকে চলে যায়। স্ত্রস কান দম্পতির সঙ্গে কোনো ব্যাগ ছিল না। তাঁরা নিউইয়র্ক ত্যাগ করেছেন কি না, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, ওয়াশিংটন ডিসিতে সাবেক আইএমএফ কর্তার একটি বাড়ি আছে।আদালত স্ত্রস কানের গৃহবন্দিত্ব তুলে নেওয়ায় তিনি এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেকোনো স্থানে যেতে পারবেন। তবে তিনি দেশটি ছাড়তে পারবেন না।এদিকে নিউইয়র্ক পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগকারী নারী যৌনকর্মী হিসেবেও কাজ করতেন বলে জানা গেছে। তদন্তের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র নিউইয়র্ক পোস্ট পত্রিকাকে বলেছে, ‘তাঁর মাত্রাতিরিক্ত বকশিশ পাওয়ার ব্যাপারে তথ্য রয়েছে। আশা করি বুঝতে পারছেন, আমি কী বোঝাতে চাইছি।’সূত্রটি আরও জানায়, ওই নারীর খরচ ছিল অনেক। তাঁর কেশপরিচর্যা ও রূপচর্চার খরচ দিতেন অন্য পুরুষেরা। ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানতে পেরেছে, ৩২ বছর বয়সী ওই নারী হোটেলকর্মী ছোটখাটো অনেকগুলো প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি অভিবাসন-সংক্রান্ত আবেদনে আয়সহ বিভিন্ন বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। স্ত্রস কানকে গ্রেপ্তার করার কয়েক দিন পর কারারুদ্ধ এক ব্যক্তিকে ফোন করেছিলেন তিনি। দৃশ্যত এসব কারণে তাঁর বিশ্বস্ততা নিয়ে সংশয় বেড়েছে। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে স্ত্রস কানের প্রার্থিতা নিয়ে আবার আশাবাদী হয়ে উঠেছেন তাঁর সমর্থকেরা।আটক হওয়ার আগে সোশ্যালিস্ট পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তিনি। মনে করা হয়, তিনিই প্রেসিডেন্ট সারকোজির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একমাত্র প্রার্থী। এএফপি, রয়টার্স, পিটিআই।