নিউইয়র্কের রাইবেক গ্রামে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের রাইবেক গ্রামটি ছবির মতোই সাজানো-গোছানো ছিমছাম। ৩০০ বছরেরও বেশি পুরোনো এই গ্রামে ঔপনিবেশিক শাসনামলের চিহ্ন এখনো রয়ে গেছে। পুরোনো এই গ্রামটি হঠাৎই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কেড়েছে। কারণ এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে ক্লিনটন পরিবারের নাম।আর দুদিন পর আগামী শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একমাত্র মেয়ে চেলসি ক্লিনটনের বিয়ে হবে এই গ্রামেই। অনেকেই যেটিকে বলছেন, যুক্তরাষ্ট্রের ‘রাজকীয়’ বিয়ে।নিউইয়র্ক থেকে ১৬০ কিলোমিটার দূরের এই গ্রামের বাসিন্দাদের আলোচনার মূল বিষয় এখন এই বিয়ে। সেখানকার অনেক দোকানের জানালায় চেলসি ও তাঁর হবু স্বামী মার্ক মেজভিনস্কিকে অভিনন্দন জানিয়ে ছবি ও অভিনন্দন বার্তা লেখা কাগজ সাটানো হয়েছে। বিয়ের পরিকল্পনা গোপন রাখা হলেও গ্রামে গোয়েন্দা সদস্যদের গতিবিধি থেকে ধারণা করা হচ্ছে, ৫০ একর আয়তনের স্থানীয় অ্যাস্টর কোর্টস খামারে এই বিয়ের আসর বসছে।জানা গেছে, ৪০০ জন অতিথি বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন, যাঁদের মধ্যে ওয়াশিংটন ও হলিউডের অনেক গণ্যমান্য ব্যক্তিও থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, বিয়ের অনুষ্ঠানে ওবামাদের অংশগ্রহণের বিষয়ে তিনি নিশ্চিত নন।বিয়ের অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান নিউইয়র্কের দ্য ওয়েডিং লাইব্রেরির কর্মকর্তা ক্লডিয়া হ্যানলিনের হিসাব অনুযায়ী, এই অনুষ্ঠানের খরচ পড়ছে ২০ লাখ ডলার। রয়টার্স।