নিউইয়র্কের রাস্তায় সন্তান প্রসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসববেদনা শুরু হলে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আপার ইস্ট সাইড এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে ছোটেন হাসপাতালের দিকে। কিন্তু পথে নেমেই মনে হলো, বড্ড দেরি হয়ে গেছে। অনাগত সন্তান বেশিক্ষণ অপেক্ষা করতে প্রস্তুত নয়। অগত্যা ইস্ট সিক্সটি এইটথ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর সংযোগস্থলে যুক্তরাজ্যের ৩৯ বছর বয়সী পলি ম্যাককোর্টের গর্ভ থেকে জন্ম নিল শিশু।
পরিস্থিতি দেখে পথচারীরা তাৎক্ষণিক নিজেদের পোশাক ও কাপড়চোপড় দিয়ে উষ্ণতার ব্যবস্থা করলেন নবজাতক কন্যাটির। খবর পেয়ে জরুরি সেবা বিভাগের লোকজন ছুটে এসে মা ও শিশুকে লেনক্স হিল হাসপাতালে নিয়ে যান। মা ও শিশু উভয়েই এখন সুস্থ।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর যখন-তখন সন্তান প্রসবের মতো অবস্থা ছিল। একপর্যায়ে গর্ভ থেকে শিশুটির মাথা বেরিয়ে আসতে দেখা গেল। আমরা সবাই মিলে তাঁকে রাস্তায় শুইয়ে দিই। ততক্ষণে শিশুটি পৃথিবীর আলোয় চলে এসেছে।’
পলি ম্যাককোর্ট যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে থাকতেন। তিনি আইরিশ স্বামী সায়ান ম্যাককোর্টের সঙ্গে নিউইয়র্কে থাকেন। বিয়ের পর তাঁরা প্রথমে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন শহরের বাসিন্দা ছিলেন। এই দম্পতির ছয় ও চার বছর বয়সী আরও দুটি সন্তান রয়েছে। বিবিসি।