নিউজিল্যান্ডে কয়লাখনিতে বিস্ফোরণ, নিখোঁজ ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডে পশ্চিম উপকূলীয় একটি ভূগর্ভস্থ কয়লাখনিতে গতকাল শুক্রবার বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর থেকে ৩৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূলের গ্রেমাউথ শহরের পাইক রিভার কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজে অংশ নিতে একটি উদ্ধারকারী দল এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। গ্রেমাউথের মেয়র টনি ককশুর্ন রেডিও নিউজিল্যান্ডকে জানান, ‘আমরা জানি না খনির কতটা গভীরে বিস্ফোরণ ঘটেছে। তবে এটি ছিল বড় ধরনের বিস্ফোরণ।’খনির কর্মকর্তারা জানান, বিস্ফোরণের ঘটনায় ৩০ জনের বেশি শ্রমিক খনির ভেতর আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, জরুরি সেবা সংস্থাগুলো খনির ভেতর আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এখনো সফল হয়নি। পাইক রিভারে কয়লা উত্তোলনে নিয়োজিত কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হুইটাল জানান, ‘বিস্ফোরণের পর দুই শ্রমিক খনির ভেতর থেকে বের হয়ে আসেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খনির ভেতর যাঁরা আছেন, তাঁদের সঙ্গে এখনো আমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি।’পুলিশ জানায়, বিস্ফোরণের পর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। খনির ভেতর বিস্ফোরণস্থলে কীভাবে পৌঁছানো যায়—এ ব্যাপারে চেষ্টা করছেন অভিজ্ঞ উদ্ধারকর্মীরা। দুর্ঘটনাস্থলে আহত শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। খনিমন্ত্রী গেরি ব্রাউনলি বলেন, ‘খনির ভেতর বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আশা করছি, আটকে পড়া শ্রমিকেরা বেঁচে রয়েছেন। শ্রমিকদের উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার। আমাদের প্রধান কাজ হচ্ছে আটকে পড়া শ্রমিকদের বের করে নিয়ে আসা।’১৯৬৭ সালের পর নিউজিল্যান্ডে এটিই সবচেয়ে বড় খনি দুর্ঘটনা। পাইক রিভার থেকে গত বছর কয়লা উৎপাদন শুরু হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে ওই খনি থেকে উত্তোলিত ২০ হাজার টন কয়লা ভারতে রপ্তানি করা হয়। এএফপি, বিবিসি।