নিউজিল্যান্ডে বড় ভূমিকম্পের পর সুনামি, নিহত ২
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। গতকাল রোববার স্থানীয় সময় মধ্যরাতে ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করে দেশটির কর্তৃপক্ষ। পরে সকালে প্রধানমন্ত্রী জন কি জানান, ভূমিকম্পে দুজন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্ব উপকূলের শহর ক্রাইস্টচার্চ থেকে ৯১ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পে বেশ কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গেছে। বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ভূমিধসে অনেক রাস্তা বন্ধ হয়ে যায়। অনেক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্প ও সুনামির পর হাজার হাজার মানুষ ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এরই মধ্যে দেশটির জরুরি উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে উপদ্রুত এলাকায় উদ্ধারকাজ শুরু করে।
প্রধানমন্ত্রী জন কি দুজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, সুনামির আবার আঘাত হানার কোনো লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে এ ব্যাপারে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।
দেশটির সিভিল ডিফেন্স মন্ত্রণালয় সতর্কবার্তায় জানায়, সুনামিতে ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটার পর্যন্ত হতে পারে। মন্ত্রণালয়ের জাতীয় নিয়ন্ত্রক সারাহ স্টুয়ার্ট-ব্ল্যাক বলেছেন, ‘প্রাথমিক সুনামি আঘাত হেনেছে। তবে এর পরবর্তী প্রভাব কী হতে পারে, তা নিয়ে এখনই কিছু বলা যাবে না। আসন্ন সুনামি আগেরটার চেয়েও বড় হতে পারে।’